Saturday, May 21, 2016

১৮ জেলার ২১লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষতি মোকাবিলায় উপকূলের ১৮ জেলার ঝুঁকিতে থাকা ২১লাখ লোককে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। রাত আটটার মধ্যে এসব মানুষকে নিরাপদে সরিয়ে আনতে কাজ করছে স্বেচ্ছাসেবকরা। বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাত আটটার মধ্যে ১৮ জেলার সাড়ে ২১ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হবে। শুক্রবার দুপুর থেকেই মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া শুরু হয়েছে। ১৮টি জেলার ৩৮৫১টি আশ্রয়কেন্দ্রে ঝুঁকিতে থাকা মানুষকে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের থাকা, খাওয়া ও চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ঘুর্ণিঝড় প্রস্তুতি কমিটির (সিপিপি) স্বেচ্ছাসেবক রয়েছে ৫৫ হাজার। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট ও আনসার ভিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশাল কর্মীবাহিনী রয়েছে। এক্ষেত্রে তারা সবাই একযোগে কাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, ঘুর্ণিঝড় শনিবার দুপুর থেকে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

No comments:

Post a Comment