![]() |
| অরবিন্দ কেজরিওয়াল |
দুর্নীতির প্রশ্নে বিজেপি ও কংগ্রেসকে এক
আসনে বসালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে এক দলীয়
সমাবেশে আজ শনিবার তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার কংগ্রেসের দুর্নীতি
নিয়ে এক পাও যেমন এগোতে চায় না, তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
‘ভুয়ো’ ডিগ্রির ব্যাপারে কংগ্রেস মুখে কুলুপ এঁটেছে। কোনো প্রশ্ন তুলছে
না। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেই আম আদমি পার্টির জন্ম দিয়েছিলেন
অরবিন্দ কেজরিওয়াল। অধিষ্ঠিত হন দিল্লির মসনদে। অগস্তা ওয়েস্টল্যান্ড
হেলিকপ্টার কেনাবেচায় ঘুষ দেওয়ার খবর জানাজানি হওয়ার পর কেজরিওয়াল আজ
শনিবার এই দুই বড় দলকে একহাত নিলেন। গতকাল শুক্রবার যে জায়গায় সমাবেশ করে
বিজেপির বিরুদ্ধে কংগ্রেস হুংকার দিয়েছিল, আজ সেখানেই সমাবেশ করে কেজরিওয়াল
এই দুই দলকে একই পথের পথিক বললেন। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী মোদির
শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেজরিওয়াল। আজ তিনি সেই
প্রসঙ্গ টেনে বলেন, আমরা সব জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, দিল্লির কোনো কলেজ
থেকেই মোদি বিএ পাস করেননি। অথচ গুজরাটের বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি
আদায় করেছেন। যিনি বিএ পাস করলেন না তিনি এমএ ডিগ্রি পান কী করে? কেজরিওয়াল
বলেন, অবাক কাণ্ড, কংগ্রেসের কোনো নেতা-নেত্রীই এখনো ওই মিথ্যে দাবি
নিয়ে প্রশ্ন তোলেননি। ঠিক তেমনই, হেলিকপ্টার কেলেঙ্কারি নিয়ে গত দুবছরে
মোদির সরকারও এক পাও এগোয়নি। ঘুষ প্রাপকদের একজনকেও জেলে ঢোকাতে
পারেননি। বিন্দুমাত্র কোনো ব্যবস্থা নেয়নি জমি কেলেঙ্কারিতে জড়িত
প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রের বিরুদ্ধেও। অথচ হরিয়ানা ও রাজস্থানে
রয়েছে বিজেপিরই সরকার। কেজরিওয়াল বলেন, মোদি ভোটের আগে অনেক বড় বড় কথা
বলেছিলেন। অথচ ভোটের পর দুর্নীতিগ্রস্তদের রক্ষা করে চলেছেন। মোদির ভুয়ো
ডিগ্রির বিষয়ে কেজরিওয়াল বলেন, বিশ্বে বহু মানুষ রয়েছেন যাঁরা উচ্চশিক্ষিত
না হয়েও চমকে দেওয়ার মতো কাজ করেছেন। মোদি ডিগ্রি না থাকার কথাটা
স্বীকার করে নিন। অসত্য দাবি করার জন্য ক্ষমা চেয়ে নিন। না হলে তাঁকে ঘিরে
প্রশ্ন উঠতেই থাকবে।

No comments:
Post a Comment