![]() |
| কানাডার ফোর্ট অ্যালবার্টায় বিস্তীর্ণ এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে l ছবি: রয়টার্স |
কানাডার
অ্যালবার্টায় দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করেছে সরকার। দাবানলে এই
অঙ্গরাজ্যের ফোর্ট ম্যাকমারে শহর থেকে ৮৮ হাজার বাসিন্দার সবাইকেই সরিয়ে
নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, দ্রুত ছড়িয়ে পড়া
এই অগ্নিকাণ্ডে শহরটির অধিকাংশই পুড়ে ছাই হবে। গত রোববার তেলসমৃদ্ধ এলাকা
বলে পরিচিত অ্যালবার্টার ফোর্ট ম্যাকমারেতে দাবানলের সূত্রপাত হয়। এর কারণে
এই অঞ্চলে তেল উত্তোলনকারী কেন্দ্রগুলো এরই মধ্যে তাদের উৎপাদন বন্ধ করে
দিতে বাধ্য হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ হতাহত না হলেও শহরটির দেড়
হাজারের বেশি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। ম্যাকমারের দগ সুলিমান নামের এক
বাসিন্দা বলেন, শহরে যা ঘটছে, তা শুধু সিনেমাতেই দেখা যায়। ভবনগুলোকে গ্রাস
করে নিচ্ছে আগুন, মানুষ বাসস্থান ছেড়ে চলে যাচ্ছে, একটি গ্যাসস্টেশনে
বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন, অগ্নিকাণ্ডে পুরো এলাকাই ধ্বংস হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ
জানিয়েছে, প্রায় ১০ হাজার হেক্টরের (৩৯ বর্গমাইল) বেশি এলাকাজুড়ে আগুন
ছড়িয়ে পড়েছে। পুরো শহরের আকাশ কমলা রং ধারণ করেছে। শতাধিক
অগ্নিনির্বাপককর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শহরের এক পুলিশ
কর্মকর্তা জানিয়েছেন, ম্যাকমারের অর্ধেক অংশ এরই মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
এদিকে বিশেষজ্ঞরা এই অগ্নিকাণ্ডের একাধিক কারণ শনাক্ত করেছেন। এর মধ্যে
‘এল নিনো’কেই সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে। এর প্রভাবে কানাডার আবহাওয়া
স্বাভাবিকের চেয়ে শুষ্ক হয়ে উঠেছে।

No comments:
Post a Comment