Friday, May 6, 2016

চট্টগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা- ‘উন্নয়নের জন্য বিজ্ঞান চর্চার বিকল্প নেই’

চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় নিজেদের
উদ্ভাবন প্রদর্শন করছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম মিউনিসিপ্যাল
মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা l প্রথম আলো
বাসায় বিদ্যুৎ নেই, প্রচণ্ড গরম? চিন্তা নেই, দুটি জার, একটি ছোট ফ্যান, বরফ আর সরু নল দিয়েই তৈরি করা যাবে ‘হোম মেইড এসি’। তেমনি, চুলায় গ্যাস না থাকলেও রান্না বন্ধ থাকবে না। ছোট সোলার প্যানেল, নাইক্রোম তার আর মাটির চুলা দিয়েই এ সমস্যার সমাধান হবে।
এ রকম মজার সব উদ্ভাবন আর ধারণা নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে তৃতীয় বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। গতকাল বুধবার নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজে দুই দিনব্যাপী এ মেলা শুরু হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
মেলার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এন এম জিয়াউল আলম বলেন, ‘দেশে বেসিক সায়েন্সের (মৌলিক বিজ্ঞান) প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কম। চর্চা কম থাকায় এ বিষয়ে আমাদের দুর্বলতা রয়ে গেছে। কিন্তু উন্নয়নের জন্য বিজ্ঞানচর্চার বিকল্প নেই। বর্তমান সরকার এ খাতের উন্নয়নে নজর দিচ্ছে। বিজ্ঞানচর্চা ও গবেষণার জন্য এখন যথেষ্ট বরাদ্দ দেওয়া হচ্ছে।’ নিয়মিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আয়োজনের মাধ্যমে নিত্যনতুন ধারণা ও প্রযুক্তির উদ্ভাবক ও গবেষক গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায় বলেন, বিজ্ঞান জাদুঘরের মূল দায়িত্ব দেশে বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলা। বিভাগীয় পর্যায়ে এখন থেকে নিয়মিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মেলার আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা বিজ্ঞানচর্চায় আগ্রহী হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের প্রদর্শন করা বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।
মেলার আয়োজকেরা জানান, ‘সিনিয়র’ ও ‘জুনিয়র’ দুই শ্রেণিতে চট্টগ্রাম বিভাগ ও নগরের ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। এর মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সিনিয়র’ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘জুনিয়র’ শ্রেণিতে অংশ নিয়েছে। এ ছাড়া মেলায় ‘বিশেষ’ শ্রেণি হিসেবে অংশ নিয়েছে আরও চারটি বিজ্ঞান ক্লাব। মেলায় শিক্ষার্থীদের মোট ১১২টি উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী হচ্ছে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।

No comments:

Post a Comment