![]() |
| ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি |
যুক্তরাষ্ট্রে
মুসলিমদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আগের অবস্থান থেকে
ডোনাল্ড ট্রাম্প সরে এসেছেন বলে প্রতীয়মান হচ্ছে। আজ বৃহস্পতিবার বিবিসি
অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মার্কিন
প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প গতকাল
বুধবার ফক্স নিউজ রেডিওকে বলেন, তাঁর দেওয়া নিষেধাজ্ঞার প্রস্তাবটি ছিল
একটি পরামর্শ মাত্র। লন্ডনের নতুন মেয়র সাদিক খানের এক বক্তব্যের
পরিপ্রেক্ষিতে ট্রাম্পের কাছ থেকে সবশেষ এই প্রতিক্রিয়া এসেছে। গত বছর
ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলায় শতাধিক ব্যক্তি নিহত হওয়ার পর ট্রাম্প
যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার প্রস্তাব দেন।
তাঁর এই মুসলিমবিদ্বেষী বক্তব্য যুক্তরাষ্ট্র ও দেশটির বাইরে ব্যাপকভাবে
সমালোচিত হয়। তা সত্ত্বেও বক্তব্যে অনড় থেকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের
নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ওই নিষেধাজ্ঞার দরকার আছে। ট্রাম্পের ওই
বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেন লন্ডনের নতুন মেয়র। সাদিক বলেন, ট্রাম্প
প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি (সাদিক) তাঁর ধর্মীয় বিশ্বাসের কারণে
যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
সাদিকের
ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, সব সময়ই ব্যতিক্রম থাকে।
যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের ক্ষেত্রে তিনি যে নিষেধাজ্ঞার কথা
বলেছেন, এর মধ্যে সাদিক পড়বেন না। ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে
সাদিক বলেছেন, ব্যবসায়ী ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অজ্ঞতাপ্রসূত। এই ধরনের
চিন্তাভাবনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে অনিরাপদ করবে। গতকাল ট্রাম্প
বলেন, তিনি সাময়িক নিষেধাজ্ঞার কথা বলেছেন। আর এখন পর্যন্ত নিষেধাজ্ঞা
আরোপও করা হয়নি। তিনি একটি পরামর্শ দিয়েছেন মাত্র। যুক্তরাষ্ট্রে মুসলিমদের
প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ট্রাম্পের সবশেষ এই বক্তব্য
তাঁর আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে।

No comments:
Post a Comment