Thursday, May 19, 2016

পশ্চিমবঙ্গে আবার তৃণমূল সরকার শপথ নেবে: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২৭ মে পশ্চিমবঙ্গে দ্বিতীয়বারের মতো তৃণমূল সরকার শপথ নেবে। কাল শুক্রবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের দাবি জানাবেন তিনি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কাল কালীঘাটের কার্যালয়ে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করবেন। সেখানেই দলীয় নেতা নির্বাচন করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে কালীঘাটের বাসভবনে সাংবাদিকদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এসব কথা বলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে। সকাল আটটার দিকে ২৯৪টি আসনের ভোট গণনা শুরু হয়। শেষ খবরে জানা গেছে, তৃণমূল কংগ্রেস ২১৮টি আসনে এগিয়ে। এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর পরিপ্রেক্ষিতেই মমতা সাংবাদিকদের এসব কথা বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীদের কুৎসার জবাব দিয়েছে জনগণ। গত দুবছর ধরে সরকারের বিরুদ্ধে তাঁরা ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। নানা দুর্নীতির অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করেছে। মানুষ সেই কুৎসার জবাব এবার ভোটে দিয়েছে। মমতা অভিযোগ করেন, এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাসের আবহ সৃষ্টি করেছিল। পুলিশের বাড়াবাড়ি হয়েছে। তিনি বলেন, কংগ্রেসের বাম দলের সঙ্গে জোট করা একটি রাজনৈতিক ভুল। দলের বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে আখ্যায়িত করে আগামী দিনে পশ্চিমবঙ্গের উন্নয়নে ব্রতী হবেন বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন মমতা। তিনি বলেন, আগে যেভাবে উন্নয়নের ধারা এ রাজ্যে অব্যাহত ছিল, সেই ধারা পরবর্তী সময়ে অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment