Wednesday, May 11, 2016

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা গেছেন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। ছবি: সংগৃহীত
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই। তিনি আজ বুধবার ভোররাতে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, সাংসদ প্রমোদ মানকিনের জন্ম ১৯৩৯ সালের ১৮ এপ্রিল। তাঁর জন্মস্থান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে। তিনি এক সম্ভ্রান্ত গারো পরিবারে জন্মগ্রহণ করেন। মেঘা তজু তাঁর বাবা। মা হৃদয় শিসিলিয়া মানকিন। তাঁরা বেঁচে নেই। আট ভাইবোনের মধ্যে প্রমোদ মানকিন পঞ্চম। প্রমোদ মানকিন ১৯৬৩ সালে নটর ডেম কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড এবং ময়মনসিংহ ‘ল’ কলেজ থেকে ১৯৮২ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। ছাত্র ও কর্মজীবনের শুরু থেকেই প্রমোদ মানকিন রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে তাঁর সরাসরি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ। তিনি হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
সংগঠক হিসেবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রমোদ মানকিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রমোদ মানকিন ১৯৯১, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হন প্রমোদ মানকিন। ২০০৯ সালের ১৫ জুলাই থেকে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সংস্কৃতি–বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

No comments:

Post a Comment