Wednesday, May 4, 2016

নাসির–মুমিনুলদের পেছনে অন্যরা

প্রাইম দোলেশ্বরের নাসির হোসেন কিছুতেই স্বীকার করতে রাজি নন, তাঁর দল এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শিরোপার অন্যতম দাবিদার। গত মৌসুমে রানার্সআপ হয়েছিল তাঁর দল। এবারও দলটা হয়েছে ভারসাম্যপূর্ণ। তবু নিজেদের দলকে ‘শক্তিশালী’ বলতে চান না দলের তারকা খেলোয়াড় নাসির, ‘শক্তিমত্তার কথা যদি বলেন, বড়জোর পাঁচ-ছয়ে থাকব আমরা।’ মুমিনুল হকও নিজের দলকে কিছুতেই শক্তিশালী বলতে রাজি নন। লিগ শুরু হওয়ার আগে ভিক্টোরিয়ার এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেছিলেন, ‘বাস্তবতা মেনেই বলছি, তিন-চারের মধ্যে থাকাই আমাদের মূল লক্ষ্য।’ মজার ব্যাপার হলো, লিগের তিন রাউন্ড শেষে সবচেয়ে এগিয়ে ওই নাসির-মুমিনুলের দলই। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে দোলেশ্বর। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ভিক্টোরিয়া। তিন ও চার নম্বরে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং আবাহনীর পয়েন্ট চার করে। পয়েন্ট টেবিলে সবচেয়ে দুর্দশা দুই ‘কলাবাগান’ ও ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস)। এখন পর্যন্ত হওয়া সব ম্যাচই হেরেছে কলাবাগান ক্রীড়া চক্র, কলাবাগান ক্রিকেট একাডেমি ও সিসিএস। তারকাশক্তিতে প্রায় সব দলই কাছাকাছি বলে এবারের লিগের প্রায় প্রতিটি ম্যাচকেই বলা যায় ‘বড় ম্যাচ’। তবে আজ চতুর্থ রাউন্ডে জমে উঠতে পারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটি। দুটি করে ম্যাচ জিতে দুই দলেরই অর্জন ৪ পয়েন্ট করে। আজকের ম্যাচটা তাই একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ। বিকেএসপিতে শীর্ষে থাকা দোলেশ্বরের জয়যাত্রা থামিয়ে নিজেদের টেনে তুলতে চাইবে মোটামুটি অভিজ্ঞ দল গড়েও পিছিয়ে পড়া ব্রাদার্স। অবশ্য তিন ম্যাচে মাত্র একটি জয় পেলেও তা নিয়ে চিন্তিত নন ব্রাদার্স কোচ সরওয়ার ইমরান, ‘দুটি ম্যাচ হারলেও আমরা এ নিয়ে খুব একটা ভাবছি না। আমরা সুপার লিগের লক্ষ্যেই খেলব।’ এখন পর্যন্ত লিগে শীর্ষ ব্যাটসম্যান-বোলারের তালিকায় বাংলাদেশের খেলোয়াড়দেরই জয়জয়কার। তিন ম্যাচে ১১৩.৫০ গড়ে ২২৭ রান করে সবার ওপরে মোহামেডানের মুশফিকুর রহিম। বোলিংয়ে ১০ উইকেট নিয়ে এক নম্বরে আবাহনীর লেগ স্পিনার জুবায়ের হোসেন। একাদশে বিদেশি কোটায় খেলোয়াড়সংখ্যা তিন থেকে কমিয়ে একজনে নামিয়ে আনার কারণেই স্থানীয় ক্রিকেটাররা এবারের লিগে ভালো করছেন বলে মনে করেন সরওয়ার।ফতুল্লায় শিরোপাপ্রত্যাশী আবাহনীর জন্য ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। কাগজে-কলমে শক্তিশালী হলেও আবাহনীর মাঠের পারফরম্যান্সে এখনো তার পুরো প্রতিফলন দেখা যায়নি। শেখ জামালের বিপক্ষে হারের পর ব্রাদার্সের সঙ্গে জয়টাও ছিল কষ্টার্জিত। তবে কোচ খালেদ মাহমুদ এখনো আশাবাদী, ‘সামনে অনেক ম্যাচ আছে। আমরা শিরোপার জন্যই খেলব। একটা ম্যাচ খারাপ গেলেও তা নিয়ে ভাবছি না।’
আজকের খেলা
আবাহনী-ভিক্টোরিয়া
সকাল ৯টা, ফতুল্লা
প্রাইম ব্যাংক-শেখ জামাল
সকাল ৯টা, মিরপুর
প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স
সকাল ৯টা, বিকেএসপি
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় হার টাই পয়েন্ট নে. রা. রে.
দোলেশ্বর ৩ ৩ ০ ০ ৬ +১.২০০
ভিক্টোরিয়া ৩ ২ ০ ১ ৫ +০.১৫৯
গাজী গ্রুপ ৩ ২ ১ ০ ৪ +১.২৯২
আবাহনী ৩ ২ ১ ০ ৪ +০.৭৮৯
মোহামেডান ৩ ২ ১ ০ ৪ +০.৬১৬
শেখ জামাল ৩ ২ ১ ০ ৪ -০.২২৩
প্রাইম ব্যাংক ৩ ২ ১ ০ ৪ -০.৩৬০
রূপগঞ্জ ৩ ১ ১ ১ ৩ -০.১২২
ব্রাদার্স ৩ ১ ২ ০ ২ -০.৪০৮
সিসিএস ৩ ০ ৩ ০ ০ -০.৭৫০
কলাবাগান সিএ ৩ ০ ৩ ০ ০ -১.০৭৪
কলাবাগান কেসি ৩ ০ ৩ ০ ০ -১.১৪৪

No comments:

Post a Comment