Tuesday, May 10, 2016

ওয়াজেদ মিয়ার স্মরণে মিলাদে প্রধানমন্ত্রী

ড. ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকীতে গতকাল
রাজধানীর সুধা সদনে মিলাদ-মাহফিলে অংশ নেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকীতে গতকাল সোমবার রাজধানী ও রংপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে ওয়াজেদ মিয়ার বাসভবন সুধা সদনে বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ শেখ হেলালউদ্দিন, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সকালে পীরগঞ্জের ফতেহপুরে ওয়াজেদ মিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জয় সদন প্রাঙ্গণে আয়োজন করা হয় স্মরণসভা। পরে সেখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের ড. আনোয়ার হোসেন মিলনায়তনে ওয়াজেদ মিয়ার স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। ওয়াজেদ মিয়া এই কমিশনের চেয়ারম্যান ছিলেন।

No comments:

Post a Comment