Sunday, May 22, 2016

‘​রোয়ানু’র প্রভাবে ত্রিপুরায় দুজনের মৃত্যু

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে ঝড়-বৃষ্টিতে আগরতলা
বিভিন্ন সড়ক ডুবে গেছে। ছবি: দেবাশিস রায়
আতঙ্ক ছড়ালেও নির্বিঘ্নেই বাংলাদেশের চট্টগ্রামের সীমান্তবর্তী ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের পাশ দিয়ে পার হয়ে গেল ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। ব্যাপক ঝড় বৃষ্টি হলেও ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর নেই। তবে সতর্কতা এখনো জারি রয়েছে। বৃষ্টিপাতও চলছে রাজ্য জুড়ে। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় প্রাকৃতিক বিপর্যয়ে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টি চলছে বাংলাদেশের সিলেট সংলগ্ন ভারতের আসামের বরাক উপত্যকা ও উত্তর ত্রিপুরায়। শনিবার রোয়ানু চট্টগ্রামে আছড়ে পড়ার আগেই শুরু হয় প্রবল বর্ষণ ও ঝড়। জাতীয় সড়ক ও রেলপথের ব্যাপক ক্ষতি হয় ঝড়-বৃষ্টির হাত ধরে ভূমি ধসে। পাঁচিল ভেঙে ত্রিপুরায় ২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন রাজ্য দুর্যোগ মোকাবিলা অধিদপ্তরের কর্মকর্তা শরৎ​ দাস। তিনি জানান, দুর্যোগ কেটে গেলেও সতর্কতা জারি থাকবে। অন্যদিকে আবহাওয়াবিদ অতুল বরা জানিয়েছেন, শনিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত ১০০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আগরতলায়। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও তিনি পূর্বাভাস দেন। প্রবল বর্ষণে রাজধানী আগরতলার বিস্তীর্ণ এলাকা শনিবার জলমগ্ন হয়ে পড়ে।

No comments:

Post a Comment