Tuesday, May 3, 2016

দুই দলেরই চোখ ফাইনালে

গত সপ্তাহেই তাঁর গায়ে উঠেছিল শেখ জামাল ধানমন্ডির জার্সি। এএফসি কাপে টেম্পাইন রোভার্সের সঙ্গে জেতা ম্যাচে দারুণ খেলেছিলেন জাতীয় দলের মিডফিল্ডার জুয়েল রানা। এবারের ঘরোয়া মৌসুমে আবাহনীতে যোগ দেওয়া জুয়েল রানাকে ওই ম্যাচের জন্য ধার নিয়েছিল শেখ জামাল। সেদিনের শেখ জামালের হয়ে খেলা জুয়েল রানা আজ থাকবেন শত্রুশিবিরে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপের সেমিফাইনালে আজ বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে আবাহনী ও শেখ জামাল। জুয়েল রানাও নিশ্চয়ই পেশাদারি জায়গায় দাঁড়িয়ে চাইবেন নিজের দলকে ফাইনালে তুলতে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেখ রাসেলের সঙ্গে জয়ে বড় ভূমিকা ছিল জুয়েল রানার। বদলি হিসেবে নেমে একমাত্র গোলটি করে দলকে সেমিফাইনালে তুলেছিলেন সেদিন। আজ অবশ্য একাদশে থাকবেন কি না সেই নিশ্চয়তা নেই। আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মমিচ  ডাগআউটে থাকবেন না! স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরশু দেশে ফিরে গেছেন মমিচ। সে কারণেই সংশয় জুয়েলের। তবে এসব নিয়ে না ভেবে সেমিফাইনাল নিয়েই ভাবছেন জুয়েল, ‘আমি সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করতে চাইব। তবে এখনো জানি না কাল খেলব কি না। পুরোটাই কোচের সিদ্ধান্ত। আমি কোচের যেকোনো সিদ্ধান্তকে সম্মান করি।’ পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে শেখ জামাল। ৫ ম্যাচে ৪ জয় ১ ড্রয়ে গ্রুপ  চ্যাম্পিয়ন তারা। আবাহনী সেমিফাইনালে উঠেছে ৫ ম্যাচে ২ জয়, ৩ ড্র নিয়ে। শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিকের দৃষ্টি জয়েই, ‘এটা নকআউট পর্বের ম্যাচ। এখানে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগই নেই।’ এএফসি কাপে টেম্পাইনস রোভার্সের সঙ্গে জয়টা তাঁর খেলোয়াড়দের উজ্জীবিত রেখেছে বলেই মনে করেন মানিক, ‘দুটি টুর্নামেন্টে ভিন্ন ভিন্ন দল খেললেও জার্সি তো একটাই ছিল। খেলোয়াড়েরা মানসিকভাবে দারুণ এগিয়ে।’

No comments:

Post a Comment