Tuesday, May 10, 2016

সুইফট ও ফেডের সঙ্গে আজ আলোচনা

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (নিউইয়র্ক ফেড) ও আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফটের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ ব্যাংকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে অবস্থান করছে। আজ প্রতিষ্ঠান দুটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলের সভা হতে পারে। প্রতিনিধিদলে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসিও রয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্যমতে, বাসেল বৈঠকে অংশ নেবেন নিউইয়র্ক ফেডের সভাপতি বা প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি। আজ সুইজারল্যান্ডের বাসেলে ত্রিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, রিজার্ভের অর্থ চুরি ও অর্থ আদায়—এ দুটিই মূল আলোচনার বিষয় হবে। তবে সভায় বসার পরই বোঝা যাবে আলোচনা কোন দিকে মোড় নেয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সুইফটের বার্তা ব্যবহার করে যে ৩৫টি আদেশ পাঠানো হয়েছিল, তার মধ্যে ৩০টি আদেশ আটকে দেয় নিউইয়র্ক ফেড। বাকি পাঁচটি আদেশ কাজে লাগিয়েই ফেডে রক্ষিত বাংলাদেশের রিজার্ভ থেকে মোট ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ৮০০ কোটি টাকা চুরি করা হয়। এখন বাংলাদেশ ব্যাংক ফেডের কাছ জানতে চাইবে, ৩০টি আদেশ আটকানো সম্ভব হলে পাঁচটি আদেশ কেন আটকানো গেল না? বাংলাদেশ ব্যাংক মনে করছে, এ ক্ষেত্রে নিউইয়র্ক ফেড তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

No comments:

Post a Comment