Tuesday, May 17, 2016

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আজ ১৭ই মে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এই দিনে বিদেশে দীর্ঘদিনের নির্বাসন শেষে তিনি দেশে ফেরেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর কিছু বিপদগামী কর্মকর্তা ও সৈনিকেরা ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা চালিয়ে তাকেসহ তার পরিবারের সব সদস্যকে নির্মমভাবে হত্যা করে। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে অবস্থান করায় ঘাতকদের হাত থেকে প্রাণে রক্ষা পান। পঁচাত্তর-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের কারণেই দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৪, ১৫, ও ১৬ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলর অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে দলের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৮১ সালের ১৭ই মে ঢাকায় লাখো মানুষের প্রাণঢালা উষ্ণ সম্ভাষণ নিয়ে প্রিয় স্বদেশ ভূমিতে ফিরে এসেছিলেন তিনি। এসেই আওয়ামী লীগের হাল ধরেন। জড়িত হন সক্রিয় রাজনীতিতে। সেদিন শেরেবাংলা নগরে লাখ লাখ মানুষের সংবর্ধনার জবাবে শেখ হাসিনা বলেছিলেন, ‘সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আপনাদের নিয়েই আমি বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, বাঙালি জাতির আর্থ-সামাজিক তথা সার্বিক মুক্তি ছিনিয়ে আনতে চাই। দলের হাল ধরার পর তার নেতৃত্বেই আওয়ামী লীগ তৃতীয়বারের মতো রাষ্ট্রক্ষমতায় আসীন হয়। নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে আসা আওয়ামী লীগ সভানেত্রীকে হত্যার উদ্দেশ্যে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে। সব বাধা-ভয় উপেক্ষা করেই তিনি দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধের বিচার শুরু করেছে। দেশের অবকাঠামো উন্নয়নে সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে নিজস্ব অর্থায়নে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে আছে আজ বিকাল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সস্মেলন কেন্দ্রে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় সভানেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক বিবৃতিতে দেশ ও জাতির কল্যাণে, গণতন্ত্রের উন্নয়নে ও আধুনিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্য শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে দেশব্যাপী দোয়া, মিলাদ মাহফিল, বিজয় র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির পালনে আওয়ামী লীগ ও সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক-শুভানুধ্যায়ী এবং দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

No comments:

Post a Comment