![]() |
| বিমানটির ধ্বংসাবশেষের ছবি গতকাল প্রকাশ করা হয় l এএফপি |
বিধ্বস্ত
হওয়ার আগে ইজিপ্টএয়ারের যাত্রীবাহী বিমানটির কেবিনে ধোঁয়া দেখা
গিয়েছিল। তদন্তকারীদের বরাত দিয়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এ
তথ্য দিয়েছে বিমান শিল্প-সম্পর্কিত ওয়েবসাইট দ্য এভিয়েশন হেরাল্ড। তবে
তথ্যটি দাপ্তরিকভাবে নিশ্চিত করা হয়নি। এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী
জ্যঁ-মার্ক অ্যারো গতকাল শনিবার বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ
সম্পর্কিত কোনো তথ্য বা অনুমানকেই তাঁরা বাতিল করছেন না। দ্য এভিয়েশন
হেরাল্ডের তথ্যটি প্রকাশ করেছে বিবিসি। তাদের দেওয়া তথ্যে বলা হয়, রাডার
থেকে অদৃশ্য হয়ে যাওয়ার মাত্র কয়েক মিনিট আগে বিমানটির টয়লেটে ও
বৈদ্যুতিক ব্যবস্থায় ধোঁয়া শনাক্ত হয়। এভিয়েশন হেরাল্ড বলছে, তারা
ধোঁয়া দেখা যাওয়ার তথ্যটি বিমানটির কমিউনিকেশন অ্যাড্রেসিং অ্যান্ড
রিপোর্টিং সিস্টেমের (এসিএআরএস) তিনটি স্বায়ত্তশাসিত চ্যানেলের মাধ্যমে
পেয়েছে। এই সিস্টেমে বৃহস্পতিবার স্থানীয় সময় ২টা ২৬ মিনিটে এয়ারবাস
এ৩২০-র টয়লেটে ধোঁয়া শনাক্ত হয়। এর এক মিনিটি পর বিমানের বৈদ্যুতিক
ব্যবস্থা ধোঁয়া শনাক্তের সংকেত দেয়। এসিএআরএসের শেষ বার্তাটি আসে ২টা ২৯
মিনিটে। এর ৪ মিনিট পর ২টা ৩৩ মিনিটে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
এসিএআরএস বিমান পরিচালনাকারী এয়ারলাইনের জন্য নিয়মিতভাবে ফ্লাইটের তথ্য
ডাউনলোড করে থাকে। এভিয়েশন সিকিউরিটি ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সম্পাদক
ফিলিপ বাম বিবিসিকে বলেন, বিমানের টয়লেটে ধোঁয়া শনাক্তের পরপরই
শনাক্তকারী যন্ত্র ধোঁয়ার সংকেত দেয়। এর ৩ মিনিট পর বিমানের পুরো
ব্যবস্থা অচল হয়ে যায়। এ থেকে বোঝা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই
আগুন লেগেছিল। ছিনতাই কিংবা ককপিটে কোনো ধস্তাধস্তির ঘটনা ঘটেনি। তিনি
বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার নির্দিষ্ট কোনো কারণ আমরা জানি না। কারিগরি
ত্রুটি, কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা বোমা বিস্ফোরণের কারণে এটি ঘটতে
পারে।’ বিধ্বস্ত বিমানের যাত্রীদের আত্মীয়স্বজনের সঙ্গে বৈঠকের পর এক
সংবাদ সম্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক অ্যারো গতকাল বলেন,
‘সব আশঙ্কাই পরীক্ষা করে দেখা হবে। বিভিন্ন স্থানে অনেক রকম খবর ছড়াচ্ছে।
কোনো কোনো খবর পরস্পর বিপরীত। এসব খবর যাচাই-বাছাইয়ের পর আমরা নিশ্চয়
সত্যটা জানতে পারব।’ তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার হলো বিমানটি খোঁজা। সেই
সঙ্গে এর ব্ল্যাকবক্সটি খুঁজে বের করে সব বিষয় পর্যালোচনা করা, যা থেকে
আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর জানতে পারব।’ গত বৃহস্পতিবার ৬৬ জন আরোহী
নিয়ে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে বিমানটি ভূমধ্যসাগরের ওপর দিয়ে
ওড়ার সময় রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

No comments:
Post a Comment