![]() |
| কিম জং উন |
উত্তর
কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, শুধু আক্রান্ত হলেই তাঁর দেশ পরমাণু
অস্ত্রের ব্যবহার করবে। কিম জং তাঁর দেশকে ‘দায়িত্বশীল’ পরমাণু অস্ত্রধারী
দেশ বলেও আখ্যায়িত করেছেন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির চলমান কংগ্রেসে গত
শনিবার এ কথা বলেন উন। দীর্ঘ তিন যুগ পর উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের
পাঁচ দিনব্যাপী কংগ্রেস শুরু হয়েছে গত শুক্রবার। কংগ্রেসের শুরু থেকেই এমন
কথা বলা হচ্ছিল যে উত্তর কোরিয়া হয়তো আবার পরমাণু পরীক্ষা চালাবে। তবে
শনিবার কিমের এ বক্তব্যের পর এটি অনেকটাই স্পষ্ট হলো যে এখনই কোনো
পরীক্ষা চালাবে না দেশটি। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার কয়েক দফা পরমাণু
অস্ত্র বা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিয়ে ওই অঞ্চলে উত্তেজনার সঞ্চার হয়।
কংগ্রেসের প্রতিবেদন করতে বিপুলসংখ্যক বিদেশি সাংবাদিককে প্রবেশের অনুমতি
দিয়েছে নিভৃতিকামী কমিউনিস্ট দেশটি। তবে কাউকেই অনুষ্ঠানস্থলের ভেতরে
ঢোকার অনুমতি দেওয়া হয়নি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ
কংগ্রেসে কিমের দেওয়া ভাষণের ইংরেজি অনুবাদ প্রকাশ করে। ভাষণে কিম বলেন,
‘যতক্ষণ না পর্যন্ত পরমাণু শক্তিধর আগ্রাসী শক্তি আমাদের ওপর হামলা করছে বা
আমাদের সার্বভৌমত্ব আক্রান্ত হচ্ছে, ততক্ষণ আমরা পরমাণু অস্ত্রের ব্যবহার
করব না।’ এর পাশাপাশি এই তরুণ নেতা পরমাণু নিরস্ত্রীকরণে তাঁর দেশের ওপর
আরোপিত বাধ্যবাধকতা মেনে চলার প্রতিশ্রুতি দেন। এই কংগ্রেসকে কিমের
আনুষ্ঠানিক ‘অভিষেক’ অনুষ্ঠান বলে মনে করা হচ্ছে। ২০১১ সালের ডিসেম্বরে
তাঁর বাবা সাবেক শীর্ষ নেতা কিম জং ইলের মৃত্যুর পর দেশটির নেতা হন কিম।

No comments:
Post a Comment