Wednesday, May 4, 2016

সাদিকের ধর্মীয় পরিচয়ই গোল্ডস্মিথের হাতিয়ার by তবারুকুল ইসলাম

সাদিক খান ও জ্যাক গোল্ডস্মিথ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় ধর্মীয় পরিচয়ের বিষয়টা শেষ পর্যন্ত অন্যতম বড় আলোচনা হয়ে থাকল। দেশটির বিরোধী দল লেবার পার্টির প্রার্থী সাদিক খান পাকিস্তানি বংশোদ্ভূত ও মুসলিম। তাঁর এ পরিচয়ই দৃশ্যত নির্বাচনী প্রচারে প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রার্থী জ্যাক গোল্ডস্মিথের অন্যতম হাতিয়ার। কাল বৃহস্পতিবার লন্ডনের মেয়র নির্বাচন। এতে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হবে প্রধান দুই দলের প্রার্থী জ্যাক গোল্ডস্মিথ ও সাদিক খানের মধ্যেই। সাদিক খান জিতলে তিনি হবেন এ মহানগরের প্রথম মুসলিম মেয়র। সর্বশেষ দুটি জরিপের ফলাফলে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী গোল্ডস্মিথের চাইতে ২০ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন সাদিক। শুরু থেকেই সাদিক খানকে উগ্রবাদ ও চরমপন্থীদের সমর্থক বলে আক্রমণ করে আসছেন গোল্ডস্মিথ। স্বয়ং প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লন্ডনে বসবাসরত হিন্দু সম্প্রদায়কে যুক্তরাজ্য ও ভারতের মধ্যে ‘বিশেষ সম্পর্কের’ কথা তুলে ধরে জ্যাক গোল্ডস্মিথকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘লেবার দলের প্রার্থী সাদিক খান ভয়ংকর। সাদিক খান নির্বাচিত হলে লন্ডনের বাসিন্দারা গবেষণাগারের ইঁদুরে পরিণত হবে।’ শ্রীলঙ্কান ও ভারতীয় তামিলদের লক্ষ করেও বিশেষ প্রচারপত্র পাঠানো হয়েছে। সর্বশেষ গত রোববার মেইল অন সানডে পত্রিকা জ্যাক গোল্ডস্মিথের লেখা একটি নিবন্ধের সঙ্গে লন্ডনের ২০০৫ সালের বোমা হামলার ঘটনার একটি ছবি জুড়ে দেয়। ক্ষমতাসীন ব্যক্তিদের এমন প্রচারকে ‘বিষাক্ত’ এবং ‘বিভাজন সৃষ্টিকারী’ আখ্যায়িত করে সমালোচকেরা বলছেন, প্রচারের এমন নেতিবাচক কৌশল যুক্তরাজ্যের নির্বাচনে আগে কখনো দেখা যায়নি। দেশটির প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান কনজারভেটিভ দলের ‘নোংরা কৌশলের’ জবাব দিতে এবার মুসলিম প্রার্থী সাদিক খানকে বিজয়ী করার আহ্বান জানিয়ে গত শুক্রবার সম্পাদকীয় ছেপেছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রচারণামূলক চিঠি পাওয়া ভারতীয় বংশোদ্ভূত অনিতা ভাসিত গার্ডিয়ানকে বলেন, চিঠিতে প্রধানমন্ত্রী সাদিক খান সম্পর্কে ‘পাকিস্তানি’ বা ‘মুসলিম’ শব্দ ব্যবহার করেননি। কিন্তু তাঁর শব্দচয়নে স্পষ্ট, তিনি কী বোঝাতে চেয়েছেন। নির্বাচনের এমন প্রচারকে ‘ভয়ংকর’ আখ্যায়িত করে অনিতা বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের থেকে আমাদের ভিন্ন ভেবেছেন। কেবল ভারতীয় এবং হিন্দু মনে করছেন বলেই এমন চিঠি পাঠিয়েছেন।’ অভিজাত ধনকুবের পরিবারের সন্তান জ্যাক গোল্ডস্মিথ পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে রাজনীতিক ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের ভাই। ফলে পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের বিপরীতে বোনের সাবেক স্বামী ইমরান খানকেও মাঠে নামিয়েছেন জ্যাক। গত ১৫ এপ্রিল চ্যানেল ফোরে এক সাক্ষাৎকারে জ্যাকের পক্ষে নিজের সমর্থনের কথা জানান পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তবে এক প্রশ্নের জবাবে ইমরান বলেন, নির্বাচনে ধর্মকে টেনে আনার কোনো যুক্তি তিনি দেখেন না।

No comments:

Post a Comment