![]() |
| প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল- হামাদ আল-সাবাহকে অভ্যর্থনা জানান l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয় |
কুয়েতের
প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ তিন দিনের সফরে
গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে হজরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমাকের কাছে কুয়েতের
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। কুয়েতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে
লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরের দ্বিতীয় দিন আজ বুধবার তেজগাঁওয়ে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন
কুয়েতের প্রধানমন্ত্রী। বৈঠকে কুয়েত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও
বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ
দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে
আলোচনা হতে পারে। এই সফরে কুয়েতের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা,
সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজ
করা–সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। গতকাল বিকেলে
অভ্যর্থনার পর শেখ হাসিনা ও কুয়েতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের
ভিভিআইপি টারমাকের কাছে সালাম গ্রহণ মঞ্চে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি দল কুয়েতের প্রধানমন্ত্রীকে
গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় সালাম প্রদান করে। কুয়েতের প্রধানমন্ত্রী
গার্ড পরিদর্শন করেন। এরপর শেখ হাসিনা কুয়েতের প্রধানমন্ত্রীকে
মন্ত্রিপরিষদের সদস্য এবং অন্যান্য বিশিষ্টজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
কুয়েতের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গীদের শেখ হাসিনার সঙ্গে পরিচয় করিয়ে
দেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী,
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর
জ্বালানি–বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নসরুল হামিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ বেসামরিক ও
সামরিক কর্মকর্তারা। অভ্যর্থনার পর কুয়েতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দর
সড়কে হোটেল লা মেরিডিয়ানে নিয়ে যাওয়া হয়। ঢাকা সফরকালে তিনি সেখানেই
অবস্থান করবেন। আজ সকালে শেখ জাবের আল-মুবারক সাভারে জাতীয় স্মৃতিসৌধে
মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার
সকালে কুয়েতের প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি
জাদুঘরে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে
শ্রদ্ধা জানাবেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৃহস্পতিবার
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেলকক্ষে বৈঠক করবেন। সফর শেষে
কুয়েতের প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার বিকেলে ঢাকা ত্যাগের কথা রয়েছে।

No comments:
Post a Comment