Thursday, May 19, 2016

ভারতীয় ঋণে ৫০০ ট্রাক কিনবে বাংলাদেশ, ৩৭৬ কোটি টাকার প্রকল্পে দাতা খোঁজা হচ্ছে by হামিদ সরকার

সরকার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পণ্যবাহী ট্রাক কেনার জন্য অর্থায়নকারী সংস্থা বা দাতাগোষ্ঠীকে খুঁজে বেড়াচ্ছে। এখন ভারতীয় রাষ্ট্রীয় ঋণে (এলওসি) জরুরি ভিত্তিতে ৫০০টি ট্রাক কেনার জন্য প্রকল্প নিয়েছে, যা এখনো চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দবিহীন অননুমোদিত প্রকল্পের তালিকায় রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য ৩৭৫ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ট্রাক কেনার আরো একটি প্রকল্প বরাদ্দবিহীন অননুমোদিত প্রকল্পের তালিকায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার জরুরি ভিত্তিতে ভারতীয় এলওসিতে দুই ধরনের বহন ক্ষমতাসম্পন্ন ট্রাক কেনার সিদ্ধান্ত নিয়েছে। এসব ট্রাক কিনতে সরকারের ২১৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় হবে। প্রকল্পটির অনুমোদন এখনো হয়নি। এই ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে দেয়া হবে ৫৮ কোটি ৯৫ লাখ টাকা ও প্রকল্পসাহায্য (আরপিএ) ১৫৮ কোটি ৪০ লাখ টাকা।
সূত্র জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে বর্তমানে এক শ’টির মতো ট্রাক রয়েছে। বর্তমানে বিআরটিসির ট্রাক খাদ্য অধিদফতর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ সেনাবাহিনী, বিজি প্রেস, কারিগরি শিক্ষা বোর্ড, প্রাথমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ অক্সিজেন লিমিটেড, কর্ণফুলী পেপার মিল, বাংলাদেশ রেলওয়ে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদফতর, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, বিটিভি, পিডিবি, আবহাওয়া অধিদফতর ও অন্যান্য বেসরকারি সংস্থার বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের কাজে ব্যবহার হয়।
কিন্তু পর্যাপ্ত ট্রাক না থাকায় অনেক সময় জরুরি প্রয়োজনে পণ্য পরিবহন করা যাচ্ছে না। বিশেষ করে মওসুমী ফল, পোলট্রি সামগ্রী, ওষুধ, পোশাক শিল্পে ব্যবহৃত পণ্যসামগ্রী এবং অন্যান্য পণ্য পরিবহনের জন্য অনেক ট্রাকের চাহিদা রয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছানের জন্য ট্রাকের প্রয়োজন হয়। তাই এসব সমস্যা থেকে রেহাই পেতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৫০০ ট্রাক কেনার জন্য প্রস্তাব পাঠিয়েছে পরিকল্পনা কমিশনের কাছে। কমিশন থেকে চূড়ান্ত অনুমোদন পেলে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের মধ্যে এসব ট্রাক বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কিনবে বলে জানা গেছে।
বিআরটিসি সূত্র বলছে, এই প্রকল্পের আওতায় ১৫ টন মালামাল ধারণ ক্ষমতাসম্পন্ন ৩৫০টি ট্রাক ও ১০ টন মালামাল ধারণক্ষমতা সম্পন্ন ১৫০টি ট্রাক কেনার মাধ্যমে বিআরটিসির ট্রাকের সংখ্যা বৃদ্ধি করা হবে। পাশাপাশি বিআরটিসির পুরনো ও অচল ট্রাক প্রতিস্থাপন করা, বিআরটিসির পণ্য পরিবহন সেবা বৃদ্ধি করা ও সরকারি ও বেসরকারি খাতের মালামাল পরিবহনের জরুরি চাহিদা মেটানোই এসব ট্রাক কেনার মূল উদ্দেশ্য।
এ দিকে চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে এবং আগামী ২০১৬-১৭ অর্থবছরের এডিপিতে বিআরটিসির জন্য ট্রাক সংগ্রহ প্রকল্পটি বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় রাখা হয়েছে। তবে এ খাতে কোনো ধরনের বিদেশী সহায়তা পাওয়া যায়নি। এলওসি বা যেকোনো উৎস থেকে অর্থায়ন পাওয়ার জন্য চেষ্টা করা হবে।

No comments:

Post a Comment