আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর
ফারুক চৌধুরী বলেছেন, দেশের মানুষকে হত্যা করে এবং দেশের বিরুদ্ধে গোপনে
ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা যাবে না। তিনি বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করেছে
বিএনপি-জামায়াত।
কিন্তু দেশবাসীর দোয়া এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের
অশেষ রহমতে তিনি বার বার ষড়যন্ত্রকারীদের কবল থেকে রক্ষা পেয়েছেন। আজ
শনিবার মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস
উপলক্ষে যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এক
আলোচনা সভায় তিনি একথা বলেন। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি
ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক
ইসমাইল হোসেনের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন যুবলীগের সাধারন সম্পাদক
মো: হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন,
আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক সুব্রত পাল,
সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু
প্রমুখ। আলোচনা সভা শেষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার
দীর্ঘায়ু কামনা করে যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান দোয়া ও
মোনাজাত পরিচালনা করেন। এর আগে দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে যুবলীগ। এরপর দুপুরে
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুবলীগ
চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের
নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

No comments:
Post a Comment