![]() |
| গত রাতে ধানমন্ডি স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে পুলিশের সাথে নার্সদের সংঘর্ষ চলাকালীন দৃশ্য : নয়া দিগন্ত |
ব্যাচভিত্তিক
নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে পুলিশের লাঠিচার্জ ও
গরম পানিতে অর্ধশতাধিক নার্স আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতাল ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের
লাঠিচার্জে সালমা আক্তার (২৭) নামে আন্দোলনরত এক নার্সের গর্ভপাত হয়েছে।
তিনি তিন মাসের গর্ভবতী ছিলেন বলে জানা গেছে। গতকাল রাত সাড়ে ৮টায় ধানমন্ডি
৩২ নম্বরে আন্দোলনরত নার্সদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে এ ঘটনা ঘটে। আহত
সালমা আক্তার বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের
সভাপতি রিনা আক্তার। ঢাকা মেডিক্যালে আহতরা হলেন, শিল্পি, হালিমা,
মনোয়ার হোসেন, সানজিদা আফরোজ, আয়েশা সিদ্দিকা, সাবিহা, ফাতেমা, মুন্না,
মঞ্জু, ঝিনু, কুন্ডু, মনিরা, শাকিলা, ডলি, আরিফ, তুষার, লিজা, বকুল,
শাহনাজ, বিলকিস, কামরুন্নাহার হিরা, শাহাবানুসহ প্রায় অর্ধশত। আহতদের
প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রিনা আক্তার জানান,
বিকেলে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে প্রধানমন্ত্রীকে না
পেয়ে সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী বাসভবন অভিমুখে পদযাত্রা করেন। এ সময়
ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের প্রথম ব্যারিকেডের মুখোমুখি হতে হয়। পরে ওই
ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার পথে পুলিশ প্রথমে আমাদের ওপর লাঠি চার্জ করছে।
তারপর গরম পানি ছিটায়, সাথে মরিচের গুড়া। আমরা সবাই জান নিয়া পালাই।
আমাদের অন্তত অর্ধশত আন্দোলনকারী আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতলে নিয়ে যাচ্ছি। আহতদেরই একজন গর্ভপাতের শিকার নার্স সালমা আক্তার। রিনা
আক্তার আরো বলেন, আমরা জান নিয়া পালাইছি। পুলিশ মেয়েদের ওপর বুট দিয়ে লাথি
মারছিল। সালমার শরীর থেকে প্রচুর ব্লিডিং হয়েছে। এ দিকে, লাঠিচার্জের
বিষয়টি অস্বীকার করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম
বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে এসে আন্দোলনরত নার্সরা পুলিশের
ওপর চড়াও হয়। পরে হাল্কা লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারো ওপর গর্ভপাত হওয়ার মতো কোনো লাঠিচার্জ করা হয়নি। তিনি বলেন, নার্সরা
ক্ষুব্ধ হয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছিল। উল্লেখ্য, ব্যাচভিত্তিক নিয়োগের
দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর স্বাস্থ্যমন্ত্রীর দেয়া
আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন দেখতে না পেয়ে তার বাসভবন ঘেরাওয়ে যায়
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস
সোসাইটি।

No comments:
Post a Comment