রাজধানীতে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান
চালিয়ে পুলিশ চেতনানাশক ঔষধসহ অজ্ঞান ও মলম পার্টির এবং ছিনতাইকারী চক্রের ৮
সদস্যকে গ্রেফতার করেছে। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা
বলা হয়। পুলিশ জানায়, রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় আজ মঙ্গলবার
বিশেষ অভিযান পরিচালনা করে অজ্ঞান/মলম পার্টির ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার
করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য (পশ্চিম) বিভাগ। গ্রেফতারকৃতরা হল-
মোঃ মেহেদী হাসান, মোঃ মনির হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ আবুল হোসেন ও মোঃ
কামাল হোসেন (২)। এ সময় তাদের হেফাজত হতে বিপুল পরিমাণ চেতনা নাশক ঔষধ
উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে, মোঃ মনির হোসেন
চক্রটির নেতৃত্ব দেয় এবং তারা দীর্ঘদিন যাবৎ বাসে নিজেরা যাত্রী বেশে ভ্রমণ
করে ভ্রমনরত যাত্রীদের অজ্ঞান করিয়ে ছিনতাই করে আসছিল। তারা ঘুমের ঔষধ
পানির সাথে মিশিয়ে ছোট কৌটার ভিতরে সংরক্ষণ করে নিজেদের কাছে রেখে কৌশলে
চা-কফি বা অন্যান্য পানীয়-খাবারের সাথে ব্যবহার করে যাত্রীদের খাইয়ে অজ্ঞান
করে সর্বস্ব লুটে নিচ্ছিল। ডিসি, ডিবি(পশ্চিম) মোঃ সাজ্জাদুর রহমান এর
নির্দেশে অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ মাহিদুজ্জামান এর সার্বিক তত্তাবধানে
ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমানের
নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
অপর এক অভিযানে রাজধানীর ভাটারা নতুন
বাজার চৈারাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মলম ও অজ্ঞানপার্টি এবং
ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর)
বিভাগ। গ্রেফতারকৃতরা হল- মোঃ বাদশা , মোঃ জহির, মোঃ আফজাল হোসেন। এ সময়
তাদের হেফাজত হতে ১৯টি চেতনা নাশক ঔষধ, ৩টি নিক্স ও ৪ খানা ব্লেড উদ্ধার
করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ
জনগণের সরলতা ও অজ্ঞতার সুযোগ গ্রহণ করে সংজ্ঞা বিলোপকারী ক্ষতিকর ট্যাবলেট
বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে পথচারী, যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে নগদ
টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিছ্ছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের ডিসি, ডিবি (উত্তর) শেখ নাজমুল
আলম এর নির্দেশনায়, এডিসি মোঃ শাহজাহান এর তত্ত্বাবধানে ঢাকা মেট্রোপলিটন
এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযানটি
পরিচালিত হয়।

No comments:
Post a Comment