Thursday, June 2, 2016

ভারতীয় ক্রিকেট বোর্ডের নজিরবিহীন উদ্যোগ

ভারতীয় ক্রিকেটে ইতিহাসে প্রথমবার বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিদের কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সে দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআই৷ বুধবার সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে ভারতীয় দলের প্রধান কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করল অনুরাগ ঠাকুর অ্যান্ড কোং৷ পাশাপাশি আগামী ১০ জুন পর্যন্ত ভারতীয় কোচের হটসিটে বসার জন্য আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে৷ এর আগে ডানকান ফ্লেচার ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ চলা পর্যন্ত ভারতীয় দলের হেডস্যারের দায়িত্বে ছিলেন৷ কিন্তু চুক্তি শেষ হয়ে যাওয়ার পর তার সঙ্গে সেটি নবীকরণ করা হয়নি৷ তার বদলে ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে টিম ডিরেক্টর পদে থাকা রবি শাস্ত্রীকে হেডকোচের বদলে দায়িত্বে রেখে দেওয়া হয়৷পাশাপাশি সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কোচ, ভরত অরুনকে বোলিং কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধরকে দায়িত্ব দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷কিন্তু চলতি বছরে টি-২০ বিশ্বকাপের পর নতুন চুক্তি করা হয়নি বোর্ডের তরফ থেকে৷জুন মাসে আসন্ন জিম্বাবোয়ে সফরের জন্য সঞ্জয় বাঙ্গারকে হেড কোচ এবং অনূর্ধ্ব-১৯ ও ভারতীয় ‘এ’ দলের সঙ্গে কাজ করা অভয় শর্মাকে ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে৷ এদিনের বিজ্ঞপ্তিতে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য ৯টি যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে৷ সেগুলি হলো
১. কোহলিদের কোচ হতে গেলে সফলভাবে আইসিসির অন্তর্ভুক্ত সদস্য দেশগুলির জাতীয় বা প্রথম শ্রেণীর দলকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে৷
২. কোনো আবেদনকারীর যদি টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে থেকে কোনো এক দেশের থেকে পাওয়া ভালো কোচ হওয়ার শংসাপত্র থাকে তাহলে তিনি অগ্রাধিকার পাবে৷
৩. প্রত্যেককে ভারতীয় দলের জন্য ভবিষ্যত পরিকল্পনার একটি প্রেজেন্টেশন জমা দিতে হবে৷
৪.কীভাবে ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত বা দলীয় পারফরম্যান্স সময়োপযোগী এবং ধারাবাহিকভাবে ভালো করা যায় তার খসড়া জমা দিতে হবে৷
৫. দলের শৃঙ্খলারক্ষার পাশাপাশি স্পোর্টস সাইকোলজি এবং স্পোর্টস মেডিসিনের ব্যবহার কীভাবে করা হবে এবং এগুলির সাহায্যে কীভাবে ব্যক্তিগত পারফরম্যান্স বাড়িয়ে দলের উন্নতি করতে হবে তারও একটি রূপরেখা জমা দিতে হবে৷
৬. দলের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য ভাষা খুবই গুরুত্বপূর্ণ৷ সেক্ষেত্রে ইংরেজির পাশাপাশি রাষ্ট্রীয় ভাষা হিন্দি বা কোনো আঞ্চলিক ভাষা জানা ব্যক্তি অগ্রাধিকার পাবেন৷
৭. ক্রিকেটে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন৷
৮. আবেদনকারী ব্যক্তির ব্যক্তিগত রেকর্ড ভালো হতে হবে৷ আইসিসির সদস্য দেশ বা অ্যাসোসিয়েট দেশের সঙ্গে অতীত বা বর্তমানে কোনও খারাপ সম্পর্ক থাকবে না৷
৯. ভবিষ্যত প্রজন্মের ক্রিকেটার তুলে আনতে এনসিএ বা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকে কীভাবে ব্যবহার করা হবে বা এনসিএ-র পরিকাঠামোর কী কী উন্নতি প্রয়োজন তার একটি খসড়াও জমা দিতে হবে৷

No comments:

Post a Comment