নোলিতো ও আলভারো মোরাতার দারুণ
পারফরম্যান্সে দক্ষিণ কোরিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ২০১০ সালের বিশ্ব
চ্যাম্পিয়নরা। বুধবারের এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুটি করে গোল করেন
নোলিতো ও মোরাতা। আর একটি করে করেন দাভিদ সিলভা ও সেস ফাব্রেগাস। গত রবিবার
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল
করেছিলেন নোলিতো। অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় ষষ্ঠদশ মিনিটে মোরাতা বল
জালে জড়ালেও অফসাইডের সিদ্ধান্তে ইউভেন্তুস ফরোয়ার্ডের উচ্ছ্বাস থেমে যায়।
গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গত দুইবারের ইউরো
চ্যাম্পিয়নদের। ২ মিনিটের ব্যবধানে দুই গোলে এগিয়ে যায় তারা। ৩০ মিনিটে
প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে ডান পোস্ট ঘেষে বল জালে জড়ান
ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সিলভা। একটু পরই প্রতিপক্ষের ভুলে বল পেয়ে
মোরাতার বাড়ানো পাস থেকে ফাঁকা জালে লক্ষ্যভেদ করেন ফাব্রেগাস। আর ৩৮তম
মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয়টাও প্রায় নিশ্চিত করে ফেলেন নোলিতো।
বাঁ-দিক
থেকে ডি বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে গোলরক্ষকের দুই পায়ের মধ্যে দিয়ে বল
জালে জড়ান সেল্তা ভিগোর এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের
ব্যবধানে আরো দুটি গোল যোগ করে স্পেন। ৫০তম মিনিটে কর্নারে হেড করে বল জালে
জড়ান মোরাতা। আর ৫৪তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে নিজের দ্বিতীয় গোলটি
করেন ২৯ বছর বয়সী নোলিতো। ৮৩ মিনিটে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার সে-জং জু
ব্যবধান কমান। তবে ৮৯তম মিনিটে দুরূহ কোণ থেকে মোরাতার চিপ জালে জড়ালে বড়
জয় নিয়েই মাঠ ছাড়ে ভিসেন্তে দেল বস্কের দল। আগামী ১৩ জুন চেক প্রজাতন্ত্রের
বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর শিরোপা ধরে রাখার অভিযানে নামবে স্পেন। 'ডি'
গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও ক্রোয়েশিয়া।

No comments:
Post a Comment