আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়েছে দুজন। আহত হয়েছে অন্তত আরো ১০ জন। গতকাল রোববার দুপুরে নগরীর চকবাজার এলাকায় কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনসহ আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ গত শনিবারও একইভাবে স্লোগান দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো মনির (২২) ও হুমায়ুন (২২)। মারামারিতে জড়িয়ে পড়া ছাত্রলীগ নেতাকর্মীরা নগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে ছাত্রলীগের এক পক্ষ বর্তমান মেয়র নাছির উদ্দিনের নামে স্লোগান দিয়ে মিছিল বের করে কলেজের ভেতরে প্রবেশ করছিল। এ সময় আগে থেকে কলেজ ফটকে অবস্থান করা ছাত্রলীগের অপর পক্ষটি তাদের বাধা দিলে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তারা লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। এমন সময় গোলাগুলির ঘটনাও ঘটে। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা চালায়। পরে নাছির অনুসারী নেতাকর্মীরা কলেজের অদূরে গণি বেকারি মোড়ে ও মহিউদ্দিন অনুসারী নেতাকর্মীরা কলেজ ফটকে অবস্থান নিয়ে শোডাউন দিতে থাকে। মাঝে মাঝে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। মারামারিতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেক হাসাপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, চট্টগ্রাম কলেজে সংঘর্ষের ঘটনায় মনির ও হুমায়ুন নামে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। নিঝুম পারিয়াল নামে আরেকজনের অবস্থাও গুরুতর। তারা সবাই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানান, আগের দিনের ঘটনার জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment