Monday, June 20, 2016

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে নূরুজ্জামান

খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল দুপুরে খাদ্য প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদকে এ দপ্তরের নতুন দায়িত্ব দিয়ে একটি আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা রুলস অব বিজনেস, ১৯৯৬-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদের দপ্তর পুনর্বণ্টন করেছেন। উল্লেখ্য, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) নির্বাচনী আসন থেকে বিজয়ী হন সংসদ সদস্য নূরুজ্জামান। পরে ২০১৫ সালের ১৪ই জুলাই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ওই দিনই দপ্তর বণ্টনে তিনি পান খাদ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব। অন্যদিকে ২০১৪ সালে টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন সৈয়দ মহসিন আলীকে। তার সঙ্গে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান প্রমোদ মানকিন। তবে ২০১৫ সালের ১৪ই সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহসিন আলী। এরপর প্রমোদ মানকিন গত ১১ই মে ভারতের একটি হাসপাতালে মারা গেলে দুই পদই শূন্য হয়ে যায়। এ অবস্থায় সরকারের রুলস অব বিজনেস অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব চলে যায় প্রধানমন্ত্রীর অধীনে। এক মাসেরও বেশি সময় পর নূরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আনলেন প্রধানমন্ত্রী।

No comments:

Post a Comment