Sunday, June 19, 2016

উত্তরায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকার একটি খাল থেকে শতাধিক আগ্নেয়াস্ত্র ও সহস্রাধিক গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন। পুলিশের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি কারা ওই খালে রেখেছিল তা জানাতে পারেননি। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে অপরাধীরা এ অস্ত্র ফেলে রাখতে পারে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করার খবরও পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা পুলিশ জানতে পারে উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ প্যাগোডার পাশে দিয়াবাড়ির ওই খালে সংঘবদ্ধ একটি চক্র বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ওই খালে তল্লাশি শুরু করে। গতকাল দুপুর ২টা থেকে রাত পর্যন্ত চলে তল্লাশি। এ সময় পানির নিচ থেকে ৮টি  কালো কাপড়ের ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্রগুলো একে একে তুলে আনেন ডুবুরিরা। একসঙ্গে এত অস্ত্র উদ্ধারের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডিজিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুরো খালটি চারদিক থেকে ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খালের চারদিকে ভিড় করেন উৎসুক জনতা।
পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়, রাত সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই খাল থেকে ১০৮টি চাইনিজ পিস্তল, ৪৬২টি ম্যাগাজিন, ১ হাজার ৬০ রাউন্ড গুলি, ১০৪টি গুলি তৈরির ডাইস, ১০টি হ্যান্ড গ্রেনেড ও ১৮টি বেয়নেট উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার  হাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া ম্যাগাজিনগুলোর মধ্যে ২২০টি এসএমজির। পিস্তলগুলো সেভেন পয়েন্ট সিক্স বোরের গ্লোক পিস্তল।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, দিয়াবাড়ির এই খাল থেকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, একসঙ্গে এত অস্ত্রের মজুদ নিঃসন্দেহে আইনশৃঙ্খলার প্রতি এটি চরম হুমকি স্বরূপ। দেশীয় কোনো জঙ্গি বা সন্ত্রাসী সংগঠন এসব অস্ত্র ব্যবহার করার সুযোগ পেলে আইনশৃঙ্খলার চরম অবনতি হতে পারতো। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দিয়াবাড়ির ওই খালের মতো অন্য কোনো খালেও অস্ত্র মজুদ রয়েছে কি-না তাও অনুসন্ধান চালানো হচ্ছে।

No comments:

Post a Comment