চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে নতুন করে কোনো অগ্রগতি নেই। এই মামলার আসামি শাহ জামান রবিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার কাঁকনের আদালতে ৭ দিনের রিমান্ড শেষ আসামিকে আদালতে পাঠানো হলে এ আদেশ দেয়া হয়। গত ১২ই জুন চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদের আদালত উভয়পক্ষের শুনানি শেষে আসামি রবিনের ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার আরেক আসামি আবু নছর গুন্নুর ৭ দিনের রিমান্ড ম্যাজিস্ট্রেট আদালত মঞ্জুর করলেও আসামিপক্ষ এ আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন করলে তা পরে খারিজ হয়ে যায়। এখন গুন্নুকে পুলিশ রিমান্ডে নিতে আর আইনি কোনো ধারা নেই। এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, মিতু হত্যা মামলার আসামি রবিনকে রিমান্ড শেষে আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ। নতুন করে রিমান্ড না চাওয়ায় আদালত শুনানি শেষে রবিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৫ই জুন নগরীর জিইসি মোড়ে বাসার কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে প্রাণ হারান পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ১৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চট্টগ্রামে ধরা পড়েনি মিতু হত্যাকাণ্ডের আসামিরা। এখনো জানা যায়নি কেন, কারা কিংবা কি কারণে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। সন্দেহের জালেই ঘুরপাক খাচ্ছে মামলার তদন্ত।
Monday, June 20, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment