Monday, June 6, 2016

সরকারকে দুর্বল করতেই মাহমুদা হত্যা : সেতুমন্ত্রী

পুলিশকে দুর্বল করার মাধ্যমে সন্ত্রাসীরা সরকারকে দুর্বল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু এভাবে সরকারকে দুর্বল করা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। আজ সোমবার দুপুরে মুন্সীগঞ্জের হাঁসাড়া হাইওয়ে থানায় নিরাপদ মহাসড়ক ও দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচিতে অংশ নিয়ে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা প্রসঙ্গে ওবায়দুল কাদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বাবুলের স্ত্রীর ওপর নয়, এই আঘাতটা এসেছে সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের সাহসী ভূমিকার ওপর। এটা আজকে তাদের যে টার্গেট, সেটা হচ্ছে পুলিশকে দুর্বল করে সরকারকে দুর্বল করে দেওয়া। এটাই হচ্ছে তাদের মূল দুরভিসন্ধি।’ এখন থেকে হেলমেট ছাড়া এবং দুজনের বেশি আরোহী মোটরসাইকেলে আরোহণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এ সময় ব্যাটারিচালিত চার শতাধিক যানবাহনের জব্দ ব্যাটারি ধ্বংস করে হাইওয়ে পুলিশ। ওবায়দুল কাদেরের সঙ্গে সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলী মজুমদার, সহকারী পুলিশ সুপার শামসুজ্জামান, গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহাম্মেদ।

No comments:

Post a Comment