Monday, June 20, 2016

প্রথম নারী মেয়রের পথে রোম

ইতালির রাজধানী রোম প্রথমবারের মতো পেতে যাচ্ছে একজন নারী মেয়র। গতকাল স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তাতে নারী প্রার্থী ভার্জিনিয়া রাগগিই বিজয়ী হতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। প্রথম দফার ভোটেও তিনিই সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন। রাগগি জয়ী হলে তার দল ফাইভ স্টারের জন্য ২০১৮ সালের নির্বাচনে শক্তিশালী অবস্থানের পথ সুগম হবে। বিবিসির খবরে বলা হয়, দুই সপ্তাহ আগে রোমে অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপের নির্বাচন। তাতে ৩৫.২ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থান দখল করেন বিশ্বায়নবিরোধী দল ফাইভ স্টারের প্রার্থী ভার্জিনিয়া রাগগি। এতে ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী মাত্তেও রাজ্জির দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রবার্তো গিয়াচেট্টি। কোনো প্রার্থীই প্রথম দফায় মেয়র হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট অর্জন করতে ব্যর্থ হওয়ায় গতকাল অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। রোমের সংবাদকর্মীরা জানাচ্ছেন, প্রথম দফার ভোটের মতোই দ্বিতীয় দফার ভোটেও রাগগিই বিজয়ী হবেন বড় ব্যবধানে। রোমের মতোই ইতালির বড় বড় শহরগুলোতেও অনুষ্ঠিত হয়েছে মেয়র পদের ভোটগ্রহণ। তাতে ইতালির অর্থনৈতিক রাজধানী মিলানসহ তুরিন ও বোলোগনার মতো বড় বড় শহরে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি পরাজিত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন দলের এই ভরাডুবির কারণ হিসেবে বর্তমান দুর্নীতি ও নাগরিক সেবার অপ্রতুলতাকে দায়ী করা হচ্ছে। কেবল রোমের মেয়রের জন্যই ঋণ রয়েছে দেড় হাজার কোটি ডলার, যা শহরটির দুটি বাৎসরিক বাজেটের সমান। শহরজুড়ে জঞ্জালের স্তূপ, গণপরিবহনের অপ্রতুলতা এবং আবাসনের করুণ দশার কারণেই রোমানরা নতুন মেয়রের সন্ধান করছেন বলে জানিয়েছেন বিবিসির জেমস রেনল্ডস। আর সেই জায়গাটিতেই উঠে এসেছেন ভার্জিনিয়া রাগগি। তার দল ফাইভ স্টার প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। কমেডিয়ান বেপ্পে গ্রিল্লোর গড়ে তোলা দলটি শুরু থেকেই দুর্নীতির কড়া সমালোচনা করে যাচ্ছে। আর্থিক দুর্নীতির অভিযোগেই গত বছরের অক্টোবর মাসে পদত্যাগ করেছেন রোমের মেয়র ডেমোক্রেটিক পার্টির ইগনাজিও মারিনো। দুর্নীতির পাশাপাশি মাফিয়ার সঙ্গে রোম সিটি হলের সংশ্লিষ্টতা ক্ষমতাসীন দলের বিপক্ষ জনমত ফাইভ স্টার দলের দিকে ঝুঁকে পড়াকে প্রভাবিত করেছে। বর্তমান পরিস্থিতিতে আগামী ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তারাই ডেমোক্রেটিক পার্টির প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

No comments:

Post a Comment