হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর পর রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেয়ায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ভারত। গতকাল দুপুরে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রামকৃষ্ণ মঠের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, এখানকার কর্তৃপক্ষ শুধু ঢাকায় রামকৃষ্ণ মিশন নয়, বাংলাদেশের ৪০টি কেন্দ্রের লোকজনদের নিরাপত্তা দিতে সক্ষম। এ ব্যাপারে আমাদের পূর্ণ আস্থা আছে। মঠে হুমকির পরপরই পুলিশ ও বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে যে পদক্ষেপ নিয়েছে, তাতে আমরা কৃতজ্ঞ। কাজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সরকার তাতেও আমরা সন্তুষ্ট। ভারতীয় দূত জানান, হুমকির পর থেকেই ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ ও বাংলাদেশের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন। রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ও মিশনের সম্পাদক স্বামী ধু্রবেশানন্দ সাংবাদিকদের বলেন, হুমকির চিঠি পাওয়ার পরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে দিয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার পর থেকে মিশনের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের পর খাতায় নাম-পরিচয় লিখে লোকজনের রামকৃষ্ণ মিশনে প্রবেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশের নেয়া পদক্ষেপের পর আমরা নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়েছি। গত বুধবার সন্ধ্যায় হত্যার হুমকি দিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনে চিঠি আসে। পরিদর্শনকালে হাইকমিশনারের সঙ্গে প্রথম সচিব (রাজনৈতিক ও তথ্য) রাজেশ উইকি, প্রথম সচিব (কনস্যুলার) রামকান্ত গুপ্তা এবং প্রেস এ্যাটাশে রঞ্জন মণ্ডল উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment