Monday, June 20, 2016

রায়পুরে একই পরিবারের দৃষ্টিহীন পাঁচ প্রতিবন্ধী

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কেরোয়া ইউনিয়নের জোড়পুল এলাকার একই পরিবারের ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী মানবেতর জীবনযাপন করছেন। একবেলা খেলে অন্য বেলা তাদের থাকতে হয় উপোস। গৃহকর্তা ইসমাইল হোসেন জানান, অভাবই তাদের নিত্যসঙ্গী। আল্লাহর কাছে ফরিয়াদই তাদের ভরসা। এ রমজানেও অনেক সময় সেহরি খেয়ে না খেয়ে রোজা রাখতে হয় তাদের। উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের লামছরী গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মো. ইসমাইল (৪৮)। তার ৩ ছেলে ও ১ বোন দৃষ্টি প্রতিবন্ধী। বড় ছেলে রহমত উল্যা (২৫) জন্মগতভাবেই অন্ধ। তৃতীয় ও চতুর্থ ছেলে দৃষ্টি প্রতিবন্ধী আয়াত উল্যা (২৮) ও নেয়ামত উল্যা (১০)। হাফেজ ইসমাইলের শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী বড় বোন কুমারী আমেনা বেগম (৫৩)। তিনি ইসমাইলের সংসারে থাকেন। ইসমাইলের বাবা দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মো. কেরামত আলী প্রায় ১১ বছর আগে প্যারালাইজড ও মা দৃষ্টি প্রতিবন্ধী রোমানা বেগম তিন বছর আগে খাদ্যনালী শুকিয়ে চিকিৎসার অভাবে মারা যান। হাফেজ ইসমাইল আরো জানান, তাদের পরিবারে রোজগার করার মতো কেউ নেই। এজন্য তাদের অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হয়। কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুর রহমান বলেন, দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটির জন্য ইউনিয়ন পরিষদ থেকে প্রায় সময় কিছু না কিছু সরকারি বরাদ্দ দেয়া হয়ে থাকে। ওই পরিবারের দুজন নিয়মিত প্রতিবন্ধী ভাতা পান। তাদের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা- মো. আয়াত উল্যা, সঞ্চয়ী হিসাব নং ১৩৮৪৮, ইসলামী ব্যাংক, রায়পুর শাখা, লক্ষ্মীপুর।

No comments:

Post a Comment