Wednesday, June 15, 2016

অভিযানে নিরপরাধ কেউ আটক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে নিরপরাধ কেউ আটক হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত পৃথক ব্রিফিং করেন। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত আজ হঠাৎ করে আমাদের দপ্তরে এসেছেন। তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় উভয় দেশের একসঙ্গে কাজ করার কথা বলেছেন। চলমান অভিযান সম্পর্কে আমার কাছে কিছু বিষয় জানতে চেয়েছেন।’ আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি, অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বড় কোনো ফিগার নেই। দেশে ৬৩০টি থানা রয়েছে। স্বাভাবিক সময়েও প্রতিদিন দুই হাজার লোক আটক হয়।
এখন অভিযানে সাত দিনে ১০ হাজারের মতো আটক হয়েছে। এটি অতিরিক্ত কিছু নয়।’ যারা নির্দোষ, তাদের ছেড়ে দেওয়া হবে বলে তথ্যমন্ত্রী জানিয়েছেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তথ্যমন্ত্রী কিসের ভিত্তিতে কথা বলছেন, তা তিনিই বলতে পারবেন। তাঁর বিষয়ে তিনিই ভালো বলবেন। তবে আমরা কোনো নিরপরাধ লোককে আটক করিনি।’ মন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান বেশি দিন চলবে না। শিগগিরই শেষ হয়ে যাবে। পুলিশের অভিযান প্রয়োজন সাপেক্ষে চলবে।’ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে এক সাংবাদিক বলেন, বিএনপি দাবি করছে, গ্রেপ্তারকৃতদের অর্ধেকের মতো বিএনপির নেতাকর্মী। সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি মনে করে যে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাহলে তাদের দলে সন্ত্রাসী আছে।’

No comments:

Post a Comment