Friday, July 1, 2016

আন্দোলন প্রত্যাহার, ব্যবস্থা নেবে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবি থেকে সরে এসেছে ছাত্রলীগ। তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে।
সেই সাথে ভিসির গাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে আজ রাত সোয়া ৮টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ভিসির বাসভবনের ভেতরে ঢুকেন। প্রায় এক ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে ছাত্রলীগের ওই চার নেতা বের হয়ে আসেন।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘আমাদের প্রথম দাবি ছিল রেজিস্ট্রারের অপসারণ। এটি পূরণ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দ্বিতীয় দাবি ছিল স্মরণিকা প্রকাশের সাথে রেজিস্ট্রারসহ যারা জড়িত ছিল, একটা তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেই বিষয়ে আশ্বাস দিয়েছে। তাই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম।’
অন্যদিকে সাধারণ সম্পাদক এস এম জাকির বলেন, ‘আমাদের আন্দোলন ছিল রেজিস্ট্রারের বিরুদ্ধে, ভিসির বিরুদ্ধে না। আমাদের দাবি পূরণ হয়ে গেছে। তাই আমরা আন্দোলন প্রত্যাহার করলাম।’
ভিসির গাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে এস এম জাকির হোসেন বলেন, ‘ভিসির গাড়িতে হামলার ঘটনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত নন। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া হবে।’

No comments:

Post a Comment