Tuesday, July 12, 2016

সম্পাদকদের সাথে নিশা দেশাই যেসব বিষয়ে আলোচনা করলেন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকায় সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সাথে বৈঠককালে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শ‍া ব্লুম বার্নিকাটের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টার কিছু বেশি সময় ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউ এজ সম্পাদক নুরুল কবির, ডেইলি স্টারের মাহফুজ আনাম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের মোয়াজ্জেম হোসেন, এটিএন বাংলার মনজুরুল আহসান বুলবুল, ঢাকা ট্রিবিউনের জাফর সোহবহানসহ কয়েকজন। বৈঠককালে নিশা দেশাই গণতান্ত্রিক-প্রক্রিয়া ও মানবাধিকার, সুশাসনের অবনতিশীল পরিস্থিতি, ভারতের বাংলাদেশনীতির প্রভাব, ভারতে হিন্দুত্ববাদের উত্থান, মধ্যপ্রাচ্যের মার্কিন নীতির প্রভাব বাংলাদেশে কতটা পড়ে- তা জানতে চান। সাংবাদিককেরা জানান, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের অতিউৎসাহমূলক বাংলাদেশের মানুষকে প্রভাবিত করে। তারা আরো বলেন, ভারতের হিন্দুত্ববাদী মনোভাব এবং মুসলিমদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশে প্রশ্নের সৃষ্টি করে। মধ্যপ্রাচ্যে নির্বিচারে নারী-শিশুর নিহত হওয়ায় মুসলিম ভ্রাতৃত্ববোধে প্রভাব ফেলে। তারা একইসাথে সন্ত্রাস নির্মূলে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা করেন।
অফ দ্য রেকর্ড হিসেবেই বৈঠকটি আয়োজন করা হয় বলে জানায় একটি বৈঠকসূত্র। তবে সূত্রটি জানায় এতে নিশা দেশাই তার চলতি সফরের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি মনে করছেন জঙ্গিবাদ নিয়ে সরকার তার অতীতের অবস্থান থেকে কিছুটা সরে গিয়ে মেনে নিচ্ছে যে, এই সব হামলার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিবাদের একটি সম্পৃক্ততা রয়েছে। সাংবাদিকদের তিনি বলেছেন, এটি একটি ইতিবাচক অগ্রগতি। তিনি মনে করেন, জঙ্গিবাদ, তা বিশ্বের যেখানেই থাকুক না কেনো মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অতীতে বাংলাদেশ সরকার এই সমস্যাকে স্রেফ দেশের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্বের ফসল মনে করলেও বর্তমানে এর সঙ্গে আন্তর্জাতিক যে একটি যোগসাজশ রয়েছে তা মেনে নিতে শুরু করেছে সরকার। বাংলাদেশকে জঙ্গিবাদ মোকাবেলায় কারিগরি ও শিক্ষা-প্রশিক্ষণভিত্তিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে সাংবাদিকদের কাছেও জানিয়েছেন নিশা দেশাই। বৈঠকসূত্রটি আরো জানায়, নিশা সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সরকার বলেছে, অভ্যন্তরীণভাবে এই সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় কি কি সামর্থ্য রয়েছে তা যাচাই করে নিয়েই প্রয়োজনীয় সহযোগিতা নেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, জঙ্গিবাদের এই হুমকি বৈশ্বিক, তার বৈশ্বিকভাবেই এর মোকাবেলা করতে হবে। নিশা বলেন, আমরা প্রস্তাব দিয়েছি, এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে সিনিয়র সাংবাদিকরা বলেন, একটি বিষয় স্পষ্ট, দেশে এখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ রয়েছে। এ অবস্থার নিরসনে সরকারের সক্ষমতা বাড়ানোর ওপরই মত দেন তারা। সরকারের অব্যাহত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, এর বাইরে কৌশলগত কোনও সহায়তা কতটুকু ও কিভাবে নেওয়া যায় তা সরকার নির্ধারণ করবে। সূত্রটি জানায়, বৈঠকে জঙ্গি হামলা কিংবা তৎপরতায় ক্রাইসিস পিরিয়ডে মিডিয়া ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত, মিডিয়ার কেমন ভূমিকা পালন করা উচিত সে নিয়েও কথা হয়। মিডিয়ার সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তারা। এ ধরনের পরিস্থিতিতে সরকারের কিংবা সংশ্লিষ্ট দফতর থেকে নিয়মিত ব্রিফিং করার বিষয়টিও বৈঠকে উঠে আসে।

No comments:

Post a Comment