Wednesday, August 10, 2016

খালেদা-হর্ষবর্ধন বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গতরাত ৮টা থেকে দেড়ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। রাত সাড়ে নয়টায় বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ সাংবাদিক জানান, ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসার পর বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এটিই তার প্রথম সাক্ষাৎ। এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ অংশ নেন। অন্যদিকে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার নেতৃত্বে বৈঠকে অংশ নেন তিন সদস্যের একটি প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপারসন কার্যালয় সূত্র জানায়, এ বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় অবহিত করেছের শ্রিংলা: এদিকে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা দ্বিপক্ষীয় সহযোগিতার সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে তাকে অবহিত করেন। হাই কমিশনার বলেন, ভারত সবসময় বাংলাদেশের সহযোগী এবং তিনি এর অর্থনৈতিক উন্নয়ন, সার্বভৌমত্বের উপর নির্ভরশীল রাষ্ট্রীয় ও পরিপক্ক প্রগতি, সমতা, বন্ধুত্ব, বিশ্বাস এবং দুই দেশের জনগণের সুবিধাকল্পে পারস্পরিক বোঝাপড়া, সম্মিলিত উন্নয়ন, এবং এ অঞ্চলের যৌথ উন্নয়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। এই প্রেক্ষাপটে হাইকমিশনার জনগণকে সঙ্গে নিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সহজতর এবং অবকাঠামোগত ও সংযোগ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। চরমপন্থাকে রাষ্ট্রের শান্তি ও উন্নয়নের প্রধান বাধা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত সন্ত্রাসবাদ ও উগ্রবাদের সকল রূপ এবং এর উত্থানকে নিন্দা করে। তিনি বলেন, এমন অর্থহীন সহিংসতার কোন যুক্তি হতে পারে না। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ এবং তার সংগ্রামে সক্রিয়ভাবে পাশে আছে বলে জানান হাই কমিশনার।
উল্লেখ্য, ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে চলতি বছরের ১৯শে জানুয়ারি বাংলাদেশে আসেন হর্ষবর্ধন শ্রিংলা।

No comments:

Post a Comment