Sunday, August 21, 2016

পোশাক শিল্পে টেকসই সক্ষমতা অর্জনে ‘প্রয়োজন সুদক্ষ কর্মশক্তি’

তৈরি পোশাকের প্রতিযোগিতামূলক বাজারে সক্ষমতা নিয়ে টিকে থাকতে সর্বস্তরের কর্মশক্তির দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করছেন কারখানা মালিক ও উন্নয়ন সহযোগীরা। প্রয়োজনীয় দক্ষতা থাকলে শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশি পোশাক কর্মীরা বিদেশেও উচ্চ বেতনে চাকরি করতে পারবেন বলে তাদের আশা। বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে নবগঠিত সেন্টার অব এক্সিলেন্ট ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ বা সিবাই-এর কার্যক্রমের ওপর আয়োজিত সেমিনারে আলোচকদের কথায় এ মত উঠে আসে। ‘সাসটেইনেবল সিবাই অ্যান্ড এনহ্যান্সিং ইফিসিয়েন্সি থ্রো এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং’ শীর্ষক সেমিনারে দুই পর্বে উন্নয়ন সহযোগী, বিজিএমইএ নেতা, পোশাকখাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত পোশাক কর্মীরা মতামত দেন।  অনুষ্ঠানের শুরুতে একক আলোচনায় আরএমজি সেন্টার অব এক্সিলেন্সের প্রকল্প সমন্বয়ক একেএম শাহিদুজ্জামান বলেন, পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বা ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। ফলে শ্রমিকদের বেতন-ভাতাও বাড়াতে পারবে মালিকপক্ষ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাসটেইনেবল জার্নি অব সিইবিএআই (সিবাই) শীর্ষক আলোচনায় অংশ নেন বিজিএমইএর সাবেক সভাপতি ও সিবাই-এর প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম, বিজিএমএর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সিবাই এর উপদেষ্টা ফারহাত আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য (আইবি) বিভাগের চেয়ারম্যান চৌধুরী সায়মা ফেরদৌস, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনাল অফিসার মোখলেসুর রহমান বক্তব্য রাখেন। আতিকুল ইসলাম বলেন, বৈশ্বয়িক পরিবর্তন ও আন্তর্জাতিক বাজার ব্যবস্থাপনার কারণে এখন পোশাক শিল্পের শ্রমিক-কর্মকর্তাদের স্কিল্ড থেকে মাল্টি স্কিল্ড হওয়ার সময় এসেছে। সময় অপরিবর্তিত রেখে উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।

No comments:

Post a Comment