Thursday, August 11, 2016

‘অধিবাসীরা নিজভূমি থেকে সরে যেতে বাধ্য হচ্ছে’

‘ভূমি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের সুরক্ষা’ শীর্ষক সেমিনারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ভূমি সন্ত্রাসীরা কোন্‌ পর্যায়ে কিভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে আঘাত করে সেটা আমরা সবাই জানি। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, শুধুমাত্র ভূমি  সন্ত্রাস নয়, কর্পোরেট কালচারের আক্রমণে দেশের বিভিন্ন গ্রামাঞ্চলের অধিবাসীরা নিজভূমি থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। তিনি বলেন, দীর্ঘসময় থেকে পার্বত্য অঞ্চলের সঙ্গে অশান্তি এবং বিরোধ চলছে। পার্বত্য শান্তি চুক্তির মধ্য দিয়ে সবাই আশা করেছেন এ সমস্যার সমাধান হবে। কিন্তু পনের বছর থেকে এ বিরোধ বিদ্যমান। তবে আশার কথা হচ্ছে বর্তমানে ভূমি বিরোধ নিষ্পত্তি আইনে যেসব সংশোধন করা দরকার সেটা এ অঞ্চলের মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে করা হয়েছে। জঙ্গিবাদের কথা উল্লেখ করে পর্যটনমন্ত্রী বলেন, দেশে অত্যন্ত সুকৌশলে সাম্প্রদায়িক বিভাজন ও আবহ তৈরি করা হচ্ছে। সমাজের অভ্যন্তরে সাম্প্রদায়িকতার বীজ রেখে জঙ্গি দমন করা কঠিন। আমরা জঙ্গি দমনে জাতীয় ঐক্যের কথা বলছি। তবে শুধু রাজনৈতিক দলগুলো মিললেই জাতীয় ঐক্য হয়ে যায়, এটা ঠিক না। রাশেদ খান মেনন বলেন, আমরা আইন করি কিন্তু বাস্তবায়ন করি না। এতে সমস্যার সমাধান হয় না। আইনের বাস্তবায়ন নিশ্চিত করেই আদিবাসী সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, একটি স্বাধীন দেশে মানুষ মুক্ত ও স্বাধীনভাবে কথা বলতে পারবে না কেন, তা বুঝে উঠতে পারি না। সেমিনারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা ছাড়া মানুষ স্বাধীনভাবে চিন্তা-ভাবনা করে জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে অংশ নিতে পারছে না। দেশে গণমুখী শাসন ব্যবস্থা থাকলে মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারতো না। সন্তু লারমা বলেন, মনে হচ্ছে আমরা ধর্ম ভিত্তিক রাষ্ট্রে বসবাস করছি। এখানে ধর্ম রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। গোটা জাতীয় জীবনের নির্মম বাস্তবতা মোকাবিলায় ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দিতে হবে।
অনুষ্ঠানে নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, অর্থনীতির অধ্যাপক ও গবেষক ড. স্বপন আদনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত প্রমুখ আলোচনা করেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি সেমিনার আয়োজন করেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। সভাপতিত্ব করেন, মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল।

No comments:

Post a Comment