Thursday, August 11, 2016

শিক্ষক লাঞ্ছনার বিচারিক তদন্তের নির্দেশ হাইকোর্টের

নারায়ণগঞ্জের বন্দরে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন ও লাঞ্ছনার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঘটনার তদন্ত করে আগামী ৩রা নভেম্বরের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দাখিলকৃত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আগামী ৬ই নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আসকের আইনজীবী জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পুলিশের দাখিলকৃত প্রতিবেদনকে আদালত অগ্রহণযোগ্য ও অসম্পূর্ণ বলে আখ্যায়িত করেছেন। আর যে বিচারক ওই প্রতিবেদন নথিভুক্ত করে রাখেন, তিনি এ বিষয়ে বিচারিক মন প্রয়োগ করেননি বলে আদালত উল্লেখ করেছেন। তিনি বলেন, পুলিশ এ বিষয়ে শ্যামল কান্তির সঙ্গে যোগাযোগ করেনি। আমরা আদালতের কাছে এফিডেভিট জমা দিয়েছি। 
এর আগে ৭ই আগস্ট হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে স্থানীয় পুলিশ প্রশাসন। স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস ও নির্যাতনের ঘটনাকে ‘আকস্মিক’ উল্লেখ করে এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করে স্থানীয় পুলিশ প্রশাসন। প্রতিবেদনে উল্লেখ করা হয় শ্যামল কান্তি ভক্ত ও সেলিম ওসমান এই ঘটনার পরিস্থিতির শিকার। একই সঙ্গে প্রতিবেদনে আলোচিত এই শিক্ষক নির্যাতন ও লাঞ্ছনার ঘটনায় পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করা হয়নি। এমনকি পুলিশকে দেয়া জবানবন্দিতে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত তাকে কান ধরে উঠবস ও লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানকে জড়িয়ে কোনো মন্তব্য করেন নি।

No comments:

Post a Comment