Thursday, September 22, 2016

নিখোঁজ হওয়ার ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

নিহত রনি বাবু।
নওগাঁর বদলগাছিতে নিখোঁজ হওয়ার তিন দিন পর রনি বাবু (৭) নামের প্রথম শ্রেণির এক ছাত্রের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর পুকুরিয়া গ্রামের একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রনি ওই গ্রামের রাজমিস্ত্রি জামিল হোসেনের ছেলে। সে বশনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
নিহত রনি বাবুর বাবা জামিল হোসেন বলেন, গত সোমবার দুপুরে রনি স্কুল থেকে বাড়ি ফেরে। এরপর একই গ্রামের অষ্টম শ্রেণির এক কিশোর ফল খাওয়ানোর কথা বলে রনিকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে রনিকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার পরদিন (মঙ্গলবার) তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) না থাকায় ডায়েরি না করেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। আজ সকালে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি পুকুরের পাশে প্রতিবেশীরা একটি শিশুর ক্ষত-বিক্ষত লাশ দেখতে পান।
তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি রনির বলে শনাক্ত করেন। বদলগাছি থানার উপপরিদর্শক (এসআই) ও লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী নৃপেন্দ্রনাথ ঘোষ বলেন, লাশের একটি হাত খুলে গেছে। মাথায় চুল ছিল না। লাশে পচন ধরেছে। বদলগাছি থানার ওসি জালাল উদ্দিন বলেন, কে বা কারা কী কারণে রনিকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে ওই কিশোরকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

No comments:

Post a Comment