Tuesday, September 6, 2016

কক্সবাজারের ঈদগাঁওতে একই দিনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদে একই দিনে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা দুটি ঘটেছে ৫ সেপ্টেম্বর দুপুরে ইসলামপুর নতুন অফিস শিয়াপাড়া এলাকায় এবং ইসলামাবাদ ওয়াহেদর পাড়া এলাকায়। নিহত শিশু আবদুল হামিদ (৩) শিয়া পাড়ার হুমায়ুনের ছেলে এবং অন্যজন ওয়াহেদর পাড়ার আবছার ড্রাইবারের মেয়ে ঈদগাহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী উম্মে সালমা উমাইয়া (১০) বলে জানা গেছে। পারিবারিক সূত্রে প্রকাশ, শিশু আবদুল হামিদ অন্যান্য দিনের মত শিশুদের সাথে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় খেলা করার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। দুপুরে তাদের বাড়িতে না দেখে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুরে ও নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায়। প্রত্যক্ষদর্শীরা তাদের দ্রুত উদ্ধার করে ঈদগাঁওর বিভিন্ন ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত উমাইয়ার পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে স্কুল ছুটির পর ঈদগাঁও নদীতে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ না আসায় খুঁজতে বের হলে ভাসমান অবস্থায় নদীতে দেখতে পায়। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

No comments:

Post a Comment