Tuesday, September 6, 2016

কিবরিয়া হত্যা মামলায় আরিফুলের জামিন

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী। আরিফুলের জামিন প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। এর আগে গত ৯ই আগস্ট একই বেঞ্চ আরিফুলকে কেন জামিন দেয়া হবে না- এ মর্মে রুল জারি করেছিলেন। রুলের নিষ্পত্তি শেষে গতকাল জামিনের এ আদেশ দেয় আদালত। আরিফুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন ও আবদুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। পরে আবদুল হালিম কাফি সাংবাদিকদের জানান, একই ঘটনায় বিস্ফোরক মামলা থাকায় এখনি মুক্তি পাচ্ছেন না আরিফুল হক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ জানান, হাইকোর্টের জামিনের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। আহত হন ৭০ জন। ঘটনার পরদিন হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা  দায়ের করা হয়। মামলা তদন্ত করে ১০ জনের বিরুদ্ধে ওই বছরের ২০শে মার্চ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। পরে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আদালতের নির্দেশে এ মামলার অধিকতর তদন্ত করে ২০১১ সালের ২০শে জুন আরো ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। তবে অভিযোগপত্রের ওপর বিচারিক আদালতে না-রাজি আবেদন করেন শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া (প্রয়াত)। ২০১২ সালের ৫ই জানুয়ারি নারাজি আবেদন গ্রহণ করে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১০ই ডিসেম্বর আরিফুল হক চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলায় সংশোধিত সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।

No comments:

Post a Comment