Saturday, September 24, 2016

যৌথ বিনিয়োগে হবে কাঙ্ক্ষিত শিল্পোন্নয়ন

ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের বিদ্যমান প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে শিল্পায়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শুক্রবার সকালে ভারত থেকে দেশে ফেরার সময় আখাউড়া স্থলবন্দরের নো-ম্যান্সল্যান্ডে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী ত্রিপুরা রাজ্যের আগরতলায় তিন দিনের বাণিজ্য সম্মেলন (ফিকি সামিট) শেষে দেশে ফেরেন। ত্রিপুরার ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ফিকি) এ সম্মেলনের আয়োজন করে। শিল্পমন্ত্রী জানান, সম্মেলনে যৌথ বিনিয়োগের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিদ্যমান প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে শিল্পপণ্য উৎপাদনের বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে কানেকটিভিটি জোরদার, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ ও প্রযুক্তি স্থানান্তরের লক্ষ্যে বাংলাদেশ সরকার গৃহীত সাম্প্রতিক উদ্যোগ সম্পর্কে সফল আলোচনা হয়েছে। তিন দিনের বাণিজ্য সম্মেলনে 'বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সীমান্ত বাণিজ্য এবং জনগণের সংযোগ'- এই ভাবনাকে সামনে রেখে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ এবং বাংলাদেশের মধ্যদিয়ে সংযোগ স্থাপন, বিদ্যুৎ, রাবার ইত্যাদি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিসহ সম্ভাবনার দিকসমূহ তুলে ধরেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বাণিজ্য সম্মেলনে ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও বাংলাদেশ, রাশিয়া, চীন, জাপান, ভুটান, মিয়ানমারসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

No comments:

Post a Comment