Thursday, September 22, 2016

ভারতের অস্ত্র সমাবেশ অগ্রাহ্য করা হবে না

ভারতের ‘নজিরবিহীন’ অস্ত্র সমাবেশ পাকিস্তান অগ্রাহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেছেন, ভারতের এই তৎপরতার গ্রহণযোগ্য প্রতিরোধ গড়তে যা দরকার, তা-ই করা হবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে জোর উত্তেজনার মধ্যে জাতিসংঘে এ কথা বললেন নওয়াজ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গতকাল বুধবার দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, শান্তি প্রতিষ্ঠায় নয়াদিল্লি একটি বাধা। গত রোববার কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হন। হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিদের দায়ী করে ভারত। এক দশকের বেশি সময়ের মধ্যে কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর রোববারের এ হামলাই ছিল সবচেয়ে ভয়াবহ। এ হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি ভেতর থেকে তাগিদ রয়েছে।
জাতিসংঘে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ‘দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার বিপদ আন্তর্জাতিক সম্প্রদায় এড়িয়ে যাচ্ছে, এর পরিণাম তাদের ভোগ করতে হবে।’ নওয়াজ বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি চায়। এই শান্তি অর্জনে আমি আশাতীত প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু ভারত সংলাপে বসার জন্য অগ্রহণযোগ্য শর্ত আরোপ করেছে।’ নওয়াজ শরিফ বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, কেবল পাকিস্তানের স্বার্থেই আলোচনার গুরুত্ব রয়েছে তা নয়; এটি দুই দেশের স্বার্থেই প্রয়োজন। আমাদের মতপার্থক্যসমূহ নিরসনে এটা অপরিহার্য।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে সংযম ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের সব পন্থা নিয়ে আলোচনা করতে আমরা তৈরি আছি। এই আলোচনা যেকোনো ফোরামে কোনো রকম শর্ত ছাড়াই করতে প্রস্তুত আমরা।’ নওয়াজের এই হুঁশিয়ারির আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, উরিতে হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের সাজার মুখোমুখি করা হবে।

No comments:

Post a Comment