Thursday, September 22, 2016

শার্লট শহরে জরুরি অবস্থা

শার্লট শহরে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের
শেলে আক্রান্ত বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার জের ধরে সৃষ্ট গোলযোগের পরিপ্রেক্ষিতে শার্লটে জরুরি অবস্থা জারি করা হলো। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শার্লটে গত মঙ্গলবার পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়। এর জেরে সেখানে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ চলে। উদ্ভূত পরিস্থিতিতে নর্থ ক্যারোলাইনার গভর্নর প্যাট ম্যাকক্রোরি শার্লটে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। শার্লটের পুলিশপ্রধানের অনুরোধে শহরে ন্যাশনাল গার্ড ও অঙ্গরাজ্য ট্রুপার পাঠানো হচ্ছে বলে জানান গভর্নর। তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। নর্থ ক্যারোলাইনার গভর্নর এক বিবৃতিতে বলেন,
জানমালের প্রতি কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। গত মঙ্গলবার সন্ধ্যায় কিথ ল্যামন্ট স্কট (৪৩) নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন। ঘটনার পর শার্লটের সড়কে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ দ্বিতীয় দিনে গড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শক্তি প্রয়োগ করে। এতে পরিস্থিতি আরও গোলমেলে হয়ে ওঠে। কর্তৃপক্ষের ভাষ্য, পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষ বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন। বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছেন। তাঁরা বোতল ছুড়েছেন। আগুন দিয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। বিক্ষোভ চলাকালে গুলির ঘটনাও ঘটেছে। গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে।

No comments:

Post a Comment