Thursday, September 29, 2016

ফুরফুরে হিলারি, ফুঁসছেন ট্রাম্প

নর্থ ক্যারোলাইনার র‍্যালেইতে সমাবেশে সমর্থকদের সামনে
উৎফুল্ল হিলারি (বাঁয়ে), ডানের ছবিতে ফ্লোরিডার
মেলবোর্নে বিমানবন্দরে সমর্থকদের মাঝে ডোনাল্ড
ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বীর
এ দুটি ছবিই বিতর্কের পরদিন মঙ্গলবারের। রয়টার্স
প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম টিভি বিতর্কের পর বেশ ফুরফুরে মেজাজে আছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। আর ক্ষোভে ফুঁসছেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দুই নেতার সোমবার রাতের ওই বিতর্কে হিলারিই জিতেছেন বলে অধিকাংশ পর্যবেক্ষকের মূল্যায়ন। বিতর্কের পরদিন মঙ্গলবার হিলারি প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে আত্মরক্ষামূলক অবস্থানে ঠেলে দিতে তাঁর নিন্দায় মুখর হয়ে ওঠেন। ভোটের বিচারে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে নর্থ ক্যারোলাইনার র‍্যালেইতে এক সমাবেশে তিনি অভিযোগ করেন, ট্রাম্প লৈঙ্গিক বৈষম্যকারী, বর্ণবাদী ও কর ফাঁকিবাজ। অন্যদিকে ট্রাম্প বলেছেন, তিনি আগামী বিতর্কে হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পরকীয়ার কথা তুলে তাঁকে কড়া আঘাত দেবেন। র‍্যালেইর সমাবেশে হিলারি ট্রাম্পের নিন্দা করে বলেন, ‘সত্যি বলতে তিনি কায়দা করে কর ফাঁকি দেওয়া নিয়ে গর্বই করেছেন। আমার মনে হয়, বেশ কয়েক বছর তিনি কেন্দ্রীয় সরকারের কর দেননি। তিনি সম্ভবত আমাদের সেনাসদস্য, যুদ্ধফেরত সেনা, স্কুল বা স্বাস্থ্যসেবার একটি পয়সাও কর দেননি।’ এর আগে সোমবারের বিতর্কের পরপর হিলারি বিমানে নিউইয়র্ক থেকে নর্থ ক্যারোলাইনার উদ্দেশে যাত্রা করেন। নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টি বিমানবন্দরে সমর্থকেরা হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। বিমানের পেছনের দিকে বসা সাংবাদিকদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন হিলারি। সেখানে হাস্যোজ্জ্বল ডেমোক্র্যাট প্রার্থী বলেন, সন্ধ্যাটি তাঁর ‘দারুণ,
দারুণ,’ কেটেছে। হিলারি আরও বলেন, ‘আমি বেড়ে ওঠার সময় অন্যতম প্রিয় বেসবল খেলোয়াড় ছিলেন আর্নি ব্যাংকস। তিনি খেলায় নামার সময় এতটাই উত্তেজনায় ভুগতেন যে বলতেন, “চলো দ্বিতীয় ম্যাচটা খেলা যাক এবার।” সে রকমই আমি এখন পরবর্তী বিতর্কগুলোর অপেক্ষায় আছি।’ বিতর্কে তাঁকে ত্রুটিপূর্ণ মাইক্রোফোন দেওয়া হয়েছিল বলে ট্রাম্প যে অভিযোগ করেছেন, তার জবাবে ফোড়ন কেটে হিলারি বলেন, ‘যে লোক তাঁর মাইক্রোফোন নিয়ে অভিযোগ করেছেন তাঁর রাতটা ভালো যায়নি।’ অন্যদিকে ক্ষুব্ধ ট্রাম্প মঙ্গলবার হিলারি ও বিতর্কের সঞ্চালক এনবিসির উপস্থাপক লেস্টার হল্টের ওপর ঝাল ঝাড়েন। এদিন সকালে ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে বিতর্ক নিয়ে অভিযোগ তোলেন তিনি। ট্রাম্প বলেন, সঞ্চালক এনবিসির লেস্টার হল্ট তাঁর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব দেখিয়েছেন। তিনি বলেন, ‘আমাকে কয়েকটি বৈরিতাপূর্ণ প্রশ্ন করা হয়। (হল্ট) হিলারিকে ই-মেইল নিয়ে আদৌ প্রশ্ন করেননি।
তিনি হিলারিকে তাঁর কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করেননি।... জিজ্ঞেস করা উচিত ছিল এমন অনেক কিছু নিয়েই তাঁকে প্রশ্ন করা হয়নি।’ বিতর্কের সময় হিলারিকে তাঁর স্বামীর পরকীয়া নিয়ে আক্রমণ না করার জন্য ট্রাম্প নিজের প্রশংসা করেন। তবে পরে বলেন, ভবিষ্যতে এ নিয়ে আক্রমণ করতে পারেন। ফক্স নিউজের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি হয়তো তাঁকে কিছু বিষয়ে আরও কঠিন আঘাত করতে পারি। আমি সেদিন একটু নমনীয় ছিলাম কারণ কারও অনুভূতিতে আঘাত দিতে চাইনি।’ ট্রাম্প বলেন, তিনি নারীদের অসম্মান করার বিষয়ে হিলারির সমালোচনার জবাবে তাঁকে বিল ক্লিনটনের প্রেমিকাদের বিষয়ে ধরার কথা ভেবেছিলেন। কিন্তু ওই কক্ষে হিলারির মেয়ে চেলসি থাকায় তা করেননি।
হিলারি অবশ্য ট্রাম্পের এ হুঁশিয়ারিকে নাকচ করে দিয়েছেন।

No comments:

Post a Comment