Thursday, September 29, 2016

অভিষেকেই অত্যুজ্জ্বল মোসাদ্দেক

অভিষিক্ত মোসাদ্দেক হোসেনকে ক্যাপ পরিয়ে দিচ্ছেন
মাহমুদউল্লাহ। বুধবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে
দ্বিতীয় ওয়ানডের আগে। (ইনসেটে) অপরাজিত ৪৫
রান করার পথে মোসাদ্দেকের একটি শট -যুগান্তর
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওডিআইতে অভিষেকের অপেক্ষায় ছিলেন মোসাদ্দেক হোসেন। ইমরুল সুযোগ পাওয়ায় একাদশে ঠাঁই হয়নি সেদিন। আগের ম্যাচে ৩৭ রান করলেও দ্বিতীয় ম্যাচে মোসাদ্দেককে জায়গা দিতে গিয়ে বাদ পড়লেন ইমরুল। কাল বাংলাদেশের ১১৯তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে ২০ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারের অভিষেক হল মিরপুরে। অভিষেকেই অপরাজিত ৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লীগে ভালো খেলার পর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭৬ রান করে অভিষেকের দাবিটা আগেই জানিয়ে রেখেছিলেন মোসাদ্দেক। এর আগে এ বছর জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি ২০ ক্রিকেটে অভিষেক হয় মোসাদ্দেকের। কাল ওয়ানডে অভিষেকেই কঠিন পরীক্ষার সামনে পড়তে হল তাকে। নেমেছিলেন দলের কঠিন সময়ে। বাংলাদেশের রান তখন পাঁচ উইকেটে ১৩৮। এরপর ১৬৫ রান তুলতেই দল নয় উইকেট হারিয়ে ফেলে। কিন্তু শেষ উইকেটে রুবেল হোসেনের সঙ্গে ৪০ বলে ৪৩ রানের জুটি গড়েন মোসাদ্দেক। প্রথম ম্যাচেই দায়িত্বশীল এক ইনিংস খেলে দলকে দুইশ’ রানের নিচে আউট হওয়ার লজ্জা থেকে বাঁচিয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান এসেছে তার ব্যাট থেকেই। দ্বিতীয় সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের ৩৮। মোসাদ্দেক ৪৫ বলে চারটি চার ও দুটি ছয়ে ৪৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে রুবেল রান আউট হয়ে যাওয়ায় প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি
করার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের এই নতুন ব্যাটসম্যানের। একই সঙ্গে বাংলাদেশও আরও কিছু রান যোগ করতে ব্যর্থ হয়। তবে মোসাদ্দেকের ব্যাটিং বীরত্বেই আফগানিস্তানের বিপক্ষে ২০৮ রান তুলতে পারে টাইগাররা। বাংলাদেশের হয়ে ২০১২ ও ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন মোসাদ্দেক। এরপর ঘরোয়া ক্রিকেটে অল্প সময়ের মধ্যেই অনেক রান করেছেন। এখন পর্যন্ত লংগার ভার্সনেই নিজের যোগ্যতার প্রমাণ বেশি দিয়েছেন মোসাদ্দেক। ১৮টি প্রথম শ্রেণীর ম্যাচে সাত সেঞ্চুরিতে ১৯৮৫ রান করেছেন ৭০.৮৯ গড়ে। এক পর্যায়ে ৮ ম্যাচের মধ্যে করেন ৩টি ডাবল সেঞ্চুরি! যার দুটি ছিল ২৫০ ও ২৮২! লিস্ট ‘এ’ ম্যাচেও তার পারফরম্যান্স দারুণ। ৩৯ ম্যাচে ১২৯১ রান করেছেন ৪৬.১০ গড়ে। পাশাপাশি কার্যকর অফ-স্পিনে প্রথম শ্রেণীতে ১৮ উইকেট ও লিস্ট ‘এ’ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। সর্বশেষ ঢাকা লীগে আবাহনীর হয়ে ৭৭.৭৫ গড় ও ১০৪.৮৯ স্ট্রাইক রেটে করেছেন ৬২২ রান, উইকেট নিয়েছেন ১৫টি। কয়েকটি ম্যাচে ভীষণ কঠিন পরিস্থিতি থেকে দারুণ পরিণত পারফরম্যান্সে জিতিয়েছেন দলকে। ঢাকা লীগের এই পারফরম্যান্সের কারণেই আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। আর অভিষেকেই বুক চিতিয়ে লড়াই করে নিজের জাত চেনালেন মোসাদ্দেক। বাংলাদেশ
রান বল ৪ ৬
তামিম ক দৌলত ব আশরাফ ২০ ৩৬ ৩ ০
সৌম্য ক হাশমত ব আশরাফ ২০ ৩১ ২ ০
মাহমুদউল্লাহ ব নাভিন ২৫ ৩৯ ৩ ০
মুশফিক ক নাভিন ব রহমত ৩৮ ৫১ ৪ ০
সাকিব এলবিডব্লু ব নবী ১৭ ২১ ২ ০
সাব্বির এলবিডব্লু ব রাশিদ ৪ ১৬ ০ ০
মোসাদ্দেক নটআউট ৪৫ ৪৫ ৪ ২
মাশরাফি ক দৌলত ব নবী ২ ১০ ০ ০
তাইজুল এলবিডব্লু ব রাশিদ ১০ ৩১ ১ ০
তাসকিন এলবিডব্লু ব রাশিদ ০ ১ ০ ০
রুবেল রানআউট ১০ ১৬ ১ ০
অতিরিক্ত ১৭
মোট (অলআউট, ৪৯.২ ওভারে) ২০৮
উইকেট পতন : ১/৪৫, ২/৫০, ৩/১১১, ৪/১২২, ৫/১৩৮, ৬/১৩৮, ৭/১৪১, ৮/১৬৫, ৯/১৬৫, ১০/২০৮। বোলিং : মোহাম্মদ নবী ১০-৩-১৬-২, দৌলত জাদরান ৮-১-৪৭-০, মিরওয়াইজ আশরাফ ৫-০-২৩-২, নাভিন-উল-হক ৮.২-০-৪৯-১, রাশিদ খান ১০-২-৩৫-৩, রহমত শাহ ৮-০-৩০-১। আফগানিস্তান ১১৭/৪, ২৮ ওভারে (মোহাম্মদ শাহজাদ ৩৫, নওরোজ মঙ্গল ১০, রহমত শাহ ০, হাশমতউল্লাহ শাহিদি ১৪, আসগর স্টানিকজাই অপরাজিত ৩৫, মোহাম্মদ নবী অপরাজিত ২০। সাকিব আল হাসান ৩/৩৫, মোসাদ্দেক হোসেন ১/১০) অসমাপ্ত।

No comments:

Post a Comment