বাংলাদেশের বিপক্ষে খেলা প্রথম ওয়ানডেতেই বড় এক চমক উপহার দিয়েছিল আফগানিস্তান। মাশরাফিদের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজের আগে সেই জয়ের কথা স্মরণ করলেন আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই। ২০১৪ সালের ১ মার্চ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশকে ৩২ রানে হারায় আফগানিস্তান। সেই ম্যাচে অপরাজিত ৯০ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন বর্তমান অধিনায়ক স্তানিকজাই। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে অতিথিরা। তার আগের দিন সংবাদ সম্মেলনে মার্চের সেই দিনটিতে ফিরে গেলেন স্তানিকজাই। তিনি বলেন, ‘আমাদের মনে আছে, দুই বছর আগে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম। তারপর থেকে আমরা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি। সে সময়ে আমাদের অভিজ্ঞতা অনেক কম ছিল। আর এর মধ্যে আমরা বিশ্বকাপ, এশিয়া কাপেও খেলেছি। আশা করি, আমরা গতবারের চেয়েও এবার ভালো করব।’ গত বছর ওয়ানডে বিশ্বকাপে আবার মুখোমুখি হয়েছিল দল দুটি। সেবার সহজেই জেতে মাশরাফি মুর্তজার দল। প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে বাংলাদেশ সফর শুরু করেছে আফগানিস্তান। অধিনায়ক জানালেন, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লক্ষ্যটা সেই একই- জয়। তিনি বলেন, ‘সবাই এখানে জেতার জন্য আসে। পূর্ণ সদস্য এই দেশের বিপক্ষে আমরা সর্বোচ্চ চেষ্টাই করব।
ওদের বিপক্ষে খেলে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করব।’ এদিকে দলের স্পিনারদের ওপর আস্থার কমতি নেই কোচ লালচাঁদ রাজপুতের। আফগানিস্তানের ভারতীয় এই কোচ দেখতে উন্মুখ, বাংলাদেশের ব্যাটসম্যানদের কতটা পরীক্ষা নিতে পারে তার শিষ্যরা। স্পিনারের কমতি নেই আফগানিস্তান দলে। লেগ-স্পিন, অফ-স্পিন, বাঁ-হাতি অর্থোডক্সের ছড়াছড়ি অতিথি দলটিতে। লালচাঁদ মনে করেন, এদের মধ্যে লেগ-স্পিনারদের ভূমিকাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আফগান কোচ বলেন, ‘আমাদের অন্যান্য খেলায় লেগ-স্পিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমাদের দুই জন খুব ভালো লেগ-স্পিনার রয়েছে। স্পিনের বিপক্ষে ভালো খেলে এমন খেলোয়াড়দের বিপক্ষে তারা কেমন খেলে সেটা দেখার বিষয়। আমাদের অস্ত্র আছে; দেখা যাক তা দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের চমকে দেয়া যায় কি না।’ তিনি বলেন, ‘সত্যি বলতে কি, আমরা সবাই খুব রোমাঞ্চিত। টেস্ট খেলুড়ে দেশের মুখোমুখি হওয়া সব সময়ই চ্যালেঞ্জ।’ বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়ে কাজে লাগাতে মরিয়া আফগানিস্তান। জয় দিয়ে সফর শুরু করায় দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। লালচাঁদের দাবি, স্বাগতিকদের বিপক্ষে চমকে দেয়ার সব উপকরণ তাদের আছে। লালচাঁদ বলেন, ‘আমাদের খুব ভারসাম্যপূর্ণ একটি দল রয়েছে। আমাদের ভালো মিডিয়াম পেসার আর স্পিনার রয়েছে, যারা বাংলাদেশে কিছুটা সহায়তা পাবেন।’
No comments:
Post a Comment