Sunday, September 25, 2016

‘আমাদের বোলিং লাইনআপ বিশ্বসেরা’

ইনজুরির কারণে দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে হারাতে হয়েছে বাংলাদেশকে। ঘরের মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচগুলোতে শুরু ও শেষদিকে উইকেট এনে দেয়া আল-আমিন হোসেনও নেই আফিগানিস্তানের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে। অন্যদিকে আফগান বোলিং আক্রমণ বেশ ভালো। তারপরও বিশ্বের সেরা বোলিং লাইনআপ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, এমন বিশ্বাস অধিনায়ক মাশরাফি মুর্তজার। তবে আফগানদের হালকাভাবে নিচ্ছে না টাইগাররা। আজ সিরিজের প্রথম ওয়ানডে। শনিবার অনুশীলনের মাঝ পথেই বৃষ্টি শুরু হয়। এরপর অনুশীলন চলেছে ইনডোর স্টেডিয়ামে। দুপুর সাড়ে ১২টার দিকে ছাতা মাথায় দিয়েই সংবাদ সম্মেলনে এলেন মাশরাফি। গত বছর মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছেন। এ বছরের প্রথম ওয়ানডেতে নেই সেই মুস্তাফিজ। মাশরাফি জানালেন, এই বাঁ-হাতি পেসারকে মিস করবে দল। তিনি বলেন, ‘সত্যি বলতে আমরা ফিজকে (মুস্তাফিজ) মিস করব। তবে যারা আছে তাদের জন্য এটি সুযোগ। যারা বাইরে ছিল, তারা নিজেদের প্রমাণ করার একটা সুযোগ পেয়েছে। এখন দলের পেসারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।’ মুস্তাফিজ থাকলে ১০ ওভার নিয়ে চিন্তা করতে হয় না অধিনায়ককে।
তারপরও নিজেদের বোলিং আক্রমণ নিয়ে মাশরাফি বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ অবশ্যই ভালো। তাদের পুরো দলটাকেই আমরা সম্মান করছি। তবে আমাদের যা আছে তা বিশ্বের সেরা বোলিং লাইনআপ। মাঠে এই বিশ্বাস কতটুকু ধরে রাখতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।’ আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডেকে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে মনে করছে বিসিবি। কিন্তু মাশরাফি এই সিরিজকে শুধুই প্রস্তুতি হিসেবে দেখছেন না। টাইগার অধিনায়ক বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। অনেকদিন পর একটি সিরিজ খেলতে নামছি, এদিক থেকে বিবেচনা করলে সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তানও এ মুহূর্তে ভালো খেলছে।’ শুক্রবার প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে বিসিবি একাদশ। এখানে মূল দলের তিন খেলোয়াড় ছিলেন। বাকিরা আগে জাতীয় দলে খেলেছেন বা ডাক পাওয়ার অপেক্ষায় আছেন। বিসিবির এই দলটাকে দ্বিতীয় সারির দল বলা যায়। তারপরও আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বিসিবি একাদশ। তবে এই হারে চিন্তিত নন মাশরাফি। তিনি বলেন, ‘ওরা ভালো খেলেই ম্যাচটা জিতেছে। আমরাও আগামীকাল (আজ) ভালো খেললে জিতব।’ মুস্তাফিজকে না পেলেও তাসকিনের বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি মাশরাফি। এই অভিজ্ঞ পেসার বলেন, ‘তাসকিনের ফেরা অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য ভালো খবর। কোচও বলেছেন, তাসকিনের মতো দক্ষ বোলার যেকোনো দলের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি,
যেখানে সে শেষ করেছিল সেখান থেকেই আবার শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।’ অধিনায়ক নিজের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যেও মাঠে নামছেন, ‘বোলিংয়ে চেষ্টা করছি ভালো কিছু করার। ফিটনেস নিয়ে কাজ করেছি এক-দেড় মাস। এখন খুব ভালো অবস্থায় আছি। এটা ধরে রাখতে পারলে ভালো কিছু হবে।’ আফগানিস্তানের বিপক্ষে রক্ষণাত্মক ক্রিকেট খেলবে না বাংলাদেশ। মাশরাফি বলেন, ‘অবশ্যই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। সর্বশেষ সিরিজ যেভাবে শেষ করেছি সেভাবেই খেলা শুরু করতে চাই।’ খারাপ খেললে যে হারতে হবে, সেটা দলের মাথায় আছে। কিন্তু নেতিবাচক চিন্তা করছে না কেউই। মাশরাফি বলেন, ‘আমরা খেলোয়াড় হিসেবে কেন ভাবব না যে, কঠিন সিরিজ হবে না। অবশ্যই আমাদের ভাবা উচিত এবং সেই চিন্তা থেকেই মাঠে নামা উচিত। দুই মাস অনুশীলনের পর যে আত্মবিশ্বাস জমিয়েছি, সেই আত্মবিশ্বাস নিয়ে নামলে অবশ্যই ভালো করব। প্রথম ম্যাচটা সহজ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।’ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলে বাংলাদেশের কোনো পয়েন্ট বাড়বে না। কিন্তু একটি ম্যাচে হারলেও পয়েন্ট হারাবে। আফগানিস্তানকে ৩-০তে হারানোর পর ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো ব্যবধানে সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে সাত থেকে ছয়ে উঠে যাবে টাইগারারা। মাশরাফি অবশ্য র‌্যাংকিং নিয়ে ভাবতে রাজি নন। অন্য সবকিছুর সঙ্গে বৃষ্টির বিষয়টাও মাথায় রেখে আজ মাঠে নামতে হবে টাইগারদের।

No comments:

Post a Comment