Thursday, September 1, 2016

চট্টগ্রামে ২০ কার্টন সরকারি ওষুধ জব্দ, গ্রেফতার ১

চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ ওষুধের পাইকারি বাজার হাজারী লেনে ২০ কার্টন সরকারি ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ভারতীয় ওষুধ বিক্রির অপরাধে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা ও এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে নগর গোয়েন্দা পুলিশ,জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
নগর গোয়েন্দা পুলিশের এডিসি (দক্ষিণ) জসিম উদ্দিন জানান, হাজারী লেনের সুবল মল্লিকের মালিকানাধীন এমএন ড্রাগস হাউসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিনামূল্যের সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধের মধ্যে বিভিন্ন দাতা সংস্থার ওষুধও রয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মো. সাব্বির রহমান সানি সমকালকে বলেন, ‘সরকারি বিনামূল্যের ওষুধ দোকানে রাখার অপরাধে এমএন ড্রাগস হাউসের মালিককে আটক করা হয়েছে। অপর দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ভারতীয় ওষুধ পাওয়া গেছে। যে কারণে তাদেরকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আটক সুবল মল্লিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
>>>সমকাল

No comments:

Post a Comment