চাঁদাবাজি ও কারখানার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের রহিম স্টিল মিলের শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। গতকাল সকাল ১০টায় কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে নয়াবাড়ি পর্যন্ত মহাসড়কের দুই পাশে শ্রমিকেরা জড়ো হন। এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে প্রায় তিন হাজার শ্রমিক অংশ নেন। কর্মসূচিতে শ্রমিকেরা অভিযোগ করেন, দেশের অন্যতম বৃহত্তম রড উৎপাদনকারী প্রতিষ্ঠান রহিম স্টিল মিল বন্ধ করার জন্য এক সপ্তাহ ধরে কাঁচপুর এলাকার একটি সন্ত্রাসী গ্রুপ চাঁদাবাজি করছে। এ ছাড়া একটি পত্রিকায় ক্রমাগত অসত্য সংবাদ পরিবেশন করা হচ্ছে।
ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করে কারখানাটি বন্ধ করার ষড়যন্ত্র হিসেবে কয়েকটি রড কারখানার মালিক স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করেছে। কারখানাটি বন্ধ হলে তিন হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়বেন। রহিম স্টিল মিলের শ্রমিকনেতা মাহবুব হোসেন ও শাহজালাল মিয়া বলেন, কারখানার বিরুদ্ধে অপপ্রচার এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ না হলে তিন হাজার শ্রমিক মহাসড়ক অবরোধ করে আমরণ অনশন করবেন। ষড়যন্ত্রকারী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম বলেন, মহাসড়কের দুই পাশে শ্রমিকদের কর্মসূচি চলাকালে কিছুটা যানজটের সৃষ্টি হয়। মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
No comments:
Post a Comment